জাতীয়ধর্ম প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, বাতিলের দাবি হেফাজতে ইসলামের
ধর্ম প্রতিমন্ত্রী হলেন শামীম কায়সার, বাতিলের দাবি হেফাজতে ইসলামের
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, এই বিষয়টি দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
হেফাজতে ইসলামের নেতারা দাবি করেছেন, বৃহস্পতিবার ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর আয়োজিত সংবাদ সম্মেলনেও শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের ভাষ্য, লিংকনের মতাদর্শ দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। তাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেম-উলামাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত।
হেফাজতে ইসলাম দাবি করে, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে সরকারের সঙ্গে আলেম-উলামাদের সম্পর্ক ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও বাতিলের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে সংগঠনটি আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য কাউকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত (0)