গাজীপুর বন্ধুসভা গত ৭ সেপ্টেম্বর একটি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। জয়দেবপুরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি পালিত হয়েছে।
পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, বৃক্ষপ্রেম ও পরিচর্যার মানসিকতা গড়ে তোলার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধুরা বিদ্যালয়ের প্রাঙ্গণেও চারা রোপণ করেন।
বিতরণ করা চারার মধ্যে ছিল লেবু, কৃষ্ণচূড়া, করই, জলপাই ও পেয়ারাসহ বিভিন্ন ফলদ, বনজ এবং পরিবেশবান্ধব গাছ। গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে চারাগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করেছে।
এই সময় গাছ রোপণের প্রয়োজনীয়তা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন গাজীপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা। সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন, বন্ধুরা নিজেদের অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
আরিফ হোসেন আরও বলেন, “আমরা চাই, প্রতিটি চারা বেড়ে উঠে একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হোক এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করুক।” কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।



মতামত (0)