গোলকিপার জর্জ কামুরাসি উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের নতুন রাজা হচ্ছেন

গোলকিপার জর্জ কামুরাসি উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের নতুন রাজা হচ্ছেন
গোলকিপার জর্জ কামুরাসি উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের নতুন রাজা হচ্ছেন
ইংল্যান্ডের নবম স্তরের ফুটবল ক্লাব এসই ডনসের গোলকিপার ও অধিনায়ক জর্জ ডেসমন্ড কামুরাসি উগান্ডার তোড়ো রাজ্যের রাজা হওয়ার পথে। চাচাতো ভাইয়ের মৃত্যুর পর তিনি সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচিত হয়েছেন।

লন্ডনের ফুটবল মাঠ থেকে সরাসরি উগান্ডার ঐতিহ্যবাহী তোড়ো রাজ্যের সিংহাসনে বসতে চলেছেন জর্জ ডেসমন্ড কামুরাসি। ৩৬ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব এসই ডনসের এক নম্বর গোলকিপার এবং অধিনায়ক হিসেবে খেলছেন। তিনি উগান্ডায় ছুটে গেছেন এবং কিছুদিনের মধ্যেই তোড়ো রাজ্যের রাজা হওয়ার পথে রয়েছেন।

উগান্ডার বিভিন্ন সংবাদমাধ্যম রাজপরিবারের উত্তরাধিকার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। কামুরাসিকে পরবর্তী রাজা হিসেবে বেছে নেওয়ার বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও প্রকাশ করেছে।

তোড়ো রাজ্যের বর্তমান রাজা ও কামুরাসির চাচাতো ভাই কিং ওয়ো নাইমবা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ গত মাসে যুক্তরাষ্ট্রে ৩৪ বছর বয়সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। ওয়ো ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে বিশ্বের সবচেয়ে কম বয়সী জীবিত রাজা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

ওয়োর মৃত্যুর পর উত্তরাধিকারী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। তোড়ো রাজ্যের রয়্যাল সিলেক্ট কমিটির ১৮ সদস্যের মধ্যে গত শুক্রবার উপস্থিত ১৫ জনই কামুরাসির পক্ষে ভোট দিয়েছেন। ওয়োর শেষকৃত্যের পর আনুষ্ঠানিকভাবে নতুন রাজা ঘোষণার প্রক্রিয়া শেষ হবে।

কামুরাসি নিজে অবশ্য এখনো রাজা হওয়ার খবর নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি বলেন, নতুন ওমুকামা (রাজা) নির্বাচনের সাংস্কৃতিক প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্টদের সুযোগ দেওয়া উচিত।

একই সঙ্গে তিনি সবাইকে তাঁর প্রয়াত চাচাতো ভাই রাজা ওয়োর শোক পালনে মনোযোগ দেওয়ার অনুরোধ করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, রাজা নির্বাচিত হলেও কামুরাসি নাকি লন্ডনের জীবন ছেড়ে দেশে ফিরে রাজপরিবারের দায়িত্ব নেওয়া নিয়ে কিছুটা অনিচ্ছুক। এটি সত্য হলে ফুটবল নাকি সিংহাসন, এমন একটি দ্বন্দ্ব সামনে তৈরি হতে পারে।

লন্ডনের ফুটবল জীবনও কামুরাসির মন্দ কাটছে না। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলকিপার এসই ডনসের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্রিটিশ র‍্যাপার অ্যান্ড্রু ম্যাকহিউ ২০১৪ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা করেন।

ক্লাবটি শুরুতে ইউটিউবের মাধ্যমে পরিচিতি পায় এবং বর্তমানে নন-লিগের দল হিসেবে নবম স্তরে খেলছে। এসই ডনস এবার এফএ কাপেও নজর কেড়েছে।

দলটি গত শনিবার এরিথ টাউনকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইং রাউন্ডে উঠেছে। আগামী ১৯ সেপ্টেম্বর তারা চিচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ খেলবে। এই ম্যাচের প্রস্তুতির সময়েই কামুরাসিকে উগান্ডায় রাজা নির্বাচনের আনুষ্ঠানিকতায় ব্যস্ত থাকতে হবে।

তোড়ো রাজ্যের রীতি অনুযায়ী সিংহাসনের জন্য নতুন রাজাকে একজনের সঙ্গে ‘লড়াই’ করার আনুষ্ঠানিকতা সারতে হয়। উগান্ডায় রাজাদের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই। দেশটি নির্বাচিত প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হয়।

তবে তোড়োসহ দেশটির কয়েকটি ঐতিহ্যবাহী রাজপরিবার এখনো মানুষের মধ্যে যথেষ্ট সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ধরে রেখেছে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...
ফুটবলার জর্জ কামুরাসি উগান্ডার তোড়ো রাজ্যের রাজা হচ্ছেন | বাংলানিউজবিডিহাব