আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির ‘নেক্সাস’ বইটি আনুষ্ঠানিকভাবে ফেরত নেওয়া হয়েছে। আজ রোববার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এই বইগুলো ফেরত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। তাঁরা সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়, যার মধ্যে হারারির লেখা ‘নেক্সাস’ বইটি ছিল।
বইটি উপহার দেওয়ার বিষয়টি সামনে আসার পর ধর্মভিত্তিক সংগঠনগুলোর মধ্যে সমালোচনা শুরু হয়। হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আপত্তি জানায়।
সংগঠনগুলোর বক্তব্য ছিল, হারারির লেখায় ধর্ম ও স্রষ্টা সম্পর্কে এমন কিছু মতামত রয়েছে যা ইসলামি বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনায় এই বইটি উপহার দেওয়া অনুচিত হয়েছে বলে তারা মনে করে। ‘নেক্সাস’ বইটিতে মানব ইতিহাসে তথ্যের ভূমিকা, তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।


মতামত (0)