হিন্দি এবং মালয়ালম ভাষার ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি এখন ভিন্ন পথে এগোচ্ছে। হিন্দি সংস্করণটি তৃতীয় কিস্তির পর আর ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে মালয়ালম ফ্র্যাঞ্চাইজি নিজেদের মতো করে এগোবে।
চলতি বছরের শুরুতেই দুই সংস্করণের এই পার্থক্য স্পষ্ট হয়। জিতু জোসেফ পরিচালিত ও মোহনলাল অভিনীত মালয়ালম ‘দৃশ্যম ৩’ ভিন্ন গল্পের দিকে এগিয়েছে। হিন্দি ছবিটি আলাদা গল্প হিসেবে তৈরি করা হয়েছে।
পরিচালক অভিষেক পাঠক আগে মালয়ালম সংস্করণটিকে আবেগনির্ভর পারিবারিক নাটক এবং হিন্দি সংস্করণকে পারিবারিক থ্রিলার হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি জানিয়েছেন, অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ হিন্দি ‘দৃশ্যম’ গল্পের চূড়ান্ত পর্ব। ২ অক্টোবর ২০২৬ তারিখে ছবিটি মুক্তি পেতে চলেছে।
পরিচালক অভিষেক পাঠক বলেন, “তারা হয়তো এমন একটি গল্প পেয়েছে, যেটি তারা সামনে এগিয়ে নিতে চায়। স্বাভাবিকভাবেই দুই গল্প এখন দুই ভিন্ন পথে এগোচ্ছে। তাদের চিত্রনাট্য ও গল্প সম্পূর্ণ আলাদা।” এ ভিন্ন পথই তৃতীয় হিন্দি ছবিটিকে আরেকটি সিক্যুয়েলের দিকে না নিয়ে শেষ করার সিদ্ধান্তকে সহজ করেছে।
নির্মাতা আরও বলেন, “হিন্দি সংস্করণের নির্মাতা হিসেবে আমরা দর্শক যা আশা করেন, সেটিই দিতে চেয়েছি। আমরা যে পথে এগিয়েছি, সেটি দর্শকদের ভালো লাগবে বলেই মনে করি। এর পর আমি আর এটি করতে যাচ্ছি না। তাই হিন্দি “দৃশ্যম”কে আবার ফিরিয়ে আনার কোনো সম্ভাবনাই নেই।”



মতামত (0)