জাতীয়হোটেলের অতিথিদের তালিকা সংগ্রহে ডিএমপি কমিশনারের নির্দেশ
হোটেলের অতিথিদের তালিকা সংগ্রহে ডিএমপি কমিশনারের নির্দেশ
অপরাধ প্রতিরোধে আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ প্রদান করেন। প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি আহ্বান জানান। অপরাধ নিয়ন্ত্রণে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার তার বক্তব্যে এলাকাভিত্তিক দায়িত্ব ভাগ করে ডিউটি করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে যাতে শূন্যতা সৃষ্টি না হয় এবং ডিউটির কোনো ঘাটতি না থাকে। সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন।
বিশেষ করে, আবাসিক হোটেলসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তালিকা নিয়মিতভাবে সংগ্রহ ও সংরক্ষণের ওপর ডিএমপি কমিশনার জোর দেন। তিনি হোটেল কর্তৃপক্ষকে অতিথিদের তথ্য সংগ্রহের জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রয়োজনের সময় যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব তথ্য দ্রুত পেতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
এছাড়াও, প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অপরাধীরা যাতে রাজধানীতে প্রবেশ করে কোনো অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ব্লক চেকসহ সার্বিক নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এবং অপরাধ সংঘটিত হওয়ার আগেই তাদের নিয়ন্ত্রণ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তাৎক্ষণিকভাবে তা কাজে লাগানোর ওপরও ডিএমপি কমিশনার বিশেষ গুরুত্বারোপ করেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভার একপর্যায়ে ডিএমপি কমিশনার আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ কর্মকর্তাদের পুরস্কৃত করেন। ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের তাদের অসাধারণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।
মতামত (0)