খেলাধুলা

ইমরান খানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২১ সাবেক অধিনায়কের চিঠি

ইমরান খানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২১ সাবেক অধিনায়কের চিঠি
ইমরান খানের জন্য প্রধানমন্ত্রীর কাছে ২১ সাবেক অধিনায়কের চিঠি
ইমরান খানের চিকিৎসা ও কারা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ২১ জন সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক, সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় তাঁরা অসন্তোষ প্রকাশ করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা ও কারাগারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। তাঁরা একযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন নিয়ে অসন্তোষ এই চিঠির মূল প্রেক্ষাপট।

চিঠিতে বলা হয়েছে, আদালত ইমরান খানকে একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল। সেই বোর্ডে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং তাঁর বোন ডা. উজমা খানের থাকার কথা ছিল। পাশাপাশি পরিবারকে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও সুপ্রিম কোর্ট জানিয়েছিল।

সাবেক অধিনায়কেরা তাঁদের চিঠিতে দাবি করেছেন, বাস্তবে আদালতের সেই নির্দেশ পুরোপুরি মানা হয়নি। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে সেখানে মাত্র কয়েক ঘণ্টা রাখা হয়। তাঁকে পরীক্ষা করেছে রাষ্ট্র-নিযুক্ত একটি দল, আদালতের নির্ধারিত বোর্ড নয়।

দ্রুত ‘মেডিক্যালি ফিট’ ঘোষণা করে তাঁকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি আদালতের নির্দেশ অনুযায়ী শেষ হয়নি বলেও তাঁদের অভিযোগ।

এই অবস্থায় চিঠিতে তিনটি নির্দিষ্ট দাবি তুলেছেন সাবেক অধিনায়কেরা। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে দিতে হবে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা জরুরি।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়া নিশ্চিত করা হয়। তৃতীয়ত, মেডিকেল বোর্ড যে চিকিৎসা সুপারিশ করবে, তা যেন দ্রুত কার্যকর করা হয়।

গত ছয় মাসের মধ্যে এটি সাবেক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এবার সেখানে আরও সাতজন অধিনায়ক যুক্ত হয়েছেন।

তখন ইমরানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, চোখের সমস্যার কারণে তিনি প্রায় এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। কারাগারে চিকিৎসা অবহেলার অভিযোগও ওঠে তখন।

চিঠিতে স্বাক্ষরকারীরা নিজেদের পরিচয় দিয়েছেন ভিন্নভাবে। তাঁরা লিখেছেন, ‘রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে, সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আবেদন।’ একই সঙ্গে তাঁরা এটাও পরিষ্কার করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ তাঁদের উদ্দেশ্য নয়।

চিঠিতে সই করেছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসেন হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইটের মতো কিংবদন্তিরা। সঙ্গে যুক্ত হয়েছেন নারী ক্রিকেটের বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও।

ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় সাজা হয়েছে। দুর্নীতির অভিযোগে তিনি ১০, ১৪ ও ১৭ বছরের সাজা পেয়েছেন। ২০২৪ সালের নির্বাচনের আগে আরেকটি মামলায় তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...