ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ধনকুবের ক্যামেরন ও’রাইলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ
সম্পাদক১৪ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ধনকুবের ক্যামেরন ও’রাইলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ
ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ধনকুবের অর্থলগ্নিকারী ব্যবস্থাপক ক্যামেরন ও’রাইলির সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার পরিবার এই বিয়ের খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ধনকুবের আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ব্যবস্থাপক ক্যামেরন ও’রাইলির সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। জেমিমার পরিবার এই তথ্য নিশ্চিত করেছে।
জেমিমা গোল্ডস্মিথ ও ৬২ বছর বয়সী ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলি গত সপ্তাহান্তে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ আগ্রহ থেকেই এই নবদম্পতির প্রথম পরিচয় হয়। জেমিমার ভাই বেনের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাদের বিয়ে উদযাপন করার কথা জানান।
৫২ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা এর আগে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের সঙ্গে প্রায় নয় বছর সংসার করেছেন। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ইমরান-জেমিমা দম্পতির সুলাইমান ও কাসিম নামে দুই ছেলে রয়েছে।
বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে দুই ছেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করছেন। সম্প্রতি জেমিমাও সাবেক স্বামী ইমরান খানের কারাবাস ও তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তার দুই ছেলে সুলাইমান ও কাসিমের প্রচারণাকেও সমর্থন জানিয়েছেন।
এক পোস্টে জেমিমা দাবি করেন, ইমরান খানকে ঘিরে পরিস্থিতি এখন শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়। এটি মানবাধিকারের গুরুতর সংকটে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি ইমরানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও তুলে ধরেন।
জেমিমা ক্ষোভ প্রকাশ করে বলেন, তার দুই ছেলে সুলাইমান ও কাসিম যুক্তরাজ্যের নাগরিক। হাজার মাইল দূরে থেকে তাদের বাবার শারীরিক অবস্থার অবনতি দেখতে বাধ্য করা হচ্ছে। তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না, ভিসা দেওয়া হচ্ছে না, এমনকি সরকারি কর্মকর্তারা তাদের প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাবার সঙ্গে তাদের নিয়মিত মুঠোফোনে কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রযোজনা প্রতিষ্ঠান ইন্সটিংক্ট প্রোডাকশনসের প্রতিষ্ঠাতা হিসেবে জেমিমা গোল্ডস্মিথ বেশ কয়েকটি শো ও চলচ্চিত্র রচনা ও প্রযোজনা করেছেন। এর মধ্যে শেখর কাপুর পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ অন্যতম। চলচ্চিত্রের পাশাপাশি তিনি সাংবাদিকতা ও লেখালেখিতেও সক্রিয়। ‘দ্য নিউ স্টেটসম্যান’ এবং ‘ভ্যানিটি ফেয়ার’-এর মতো আন্তর্জাতিক সাময়িকীতে তিনি সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। মানবাধিকার বিষয়েও বিভিন্ন সময়ে তাকে সরব হতে দেখা গেছে।
মতামত (0)