চাকরি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে ৩৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে ৩৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৬ বিভাগে ৩৫টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক, সহকারী অধ্যাপক ও মেডিক্যাল অফিসার পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিজ্ঞপ্তিতে মোট ৩৫টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩৩টি প্রভাষক পদ, একটি সহকারী অধ্যাপক পদ এবং চিকিৎসাকেন্দ্রের একটি মেডিক্যাল অফিসার পদ রয়েছে।

বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে এসব পদে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ১৬টি বিভাগে এসব নিয়োগ দেওয়া হবে।

রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। লোকপ্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজনকে স্থায়ীভাবে নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রভাষক পদের জন্য বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) নির্ধারণ করা হয়েছে। সহকারী অধ্যাপক পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)। মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদের জন্য ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮) বেতন স্কেল ঘোষণা করা হয়েছে।

আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি এবং প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়াতে পাওয়া যাবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এসব তথ্য উপলব্ধ রয়েছে। নির্ধারিত ফরমে পূরণ করা আবেদন ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ইবির রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...