শিক্ষাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স ফেরানোর উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স ফেরানোর উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে এই কোর্স আধুনিকায়ন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংকে যুক্ত করে এই কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করতে কাজ শুরু হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।
রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় এই উদ্যোগের কথা জানানো হয়। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত এই সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতির বক্তব্যে এসব তথ্য প্রকাশ করেন। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।
উপাচর্য জানান, নতুনভাবে সাজানো এই স্কাউটিং কোর্স নৈতিক শিক্ষার সঙ্গে আত্মিক ও সামাজিক-সাংস্কৃতিক শিক্ষার সমন্বয় ঘটাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে। স্কাউটিংকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্বেচ্ছাসেবা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপে স্কাউটদের স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান। এ সময় উপাচার্য ভিজিবল স্কাউটিং নিশ্চিত করার ওপর জোর দেন। আগামী ডিসেম্বরে স্কাউটের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলেও তিনি উল্লেখ করেন।
অধ্যাপক আমানুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আয়োজিতব্য অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। তিনি মুট, অ্যাডভেঞ্চার ক্যাম্পসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রম নিয়মিত ও পরিকল্পিতভাবে আয়োজনের পরামর্শ দেন। স্কাউটিংয়ের সঙ্গে ভাষা শিক্ষার সমন্বয়ের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান উপাচার্য।
তৃতীয় ভাষা শিক্ষার সাথে স্কাউটিংকে কিভাবে যুক্ত করা যায়, তা নিয়ে কাজ করার কথা বলেন উপাচার্য। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল্যাংগুয়েজ ক্লাবের কার্যক্রমে একজন রোভার স্কাউটকে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়। আনন্দময়, সৃজনশীল ও জীবনমুখী শিক্ষার অংশ হিসেবে প্রতিবছর হ্যাপি লার্নিং ডে উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও সভায় জানানো হয়।
পরিবেশ সংরক্ষণে স্কাউটদের সম্পৃক্ত করার ওপর জোর দেন অধ্যাপক আমানুল্লাহ। তিনি বলেন, দুই কোটি গাছ লাগানোর কর্মসূচিতে স্কাউটদের সম্পৃক্ত করতে চাই। শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলো যেন টিকে থাকে, সে জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও স্কাউটদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে বেসরকারি খাত ও সমাজের অংশ নেওয়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, সবকিছুর জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না, সমাজহিতৈষী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। স্কাউটিংয়ের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে একটি কনসেপ্ট পেপার তৈরির সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।
সভায় রোভার স্কাউটদের নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবা, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কমিশনার অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম সেলিম চৌধুরীও সভায় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ নির্বাহী কমিটির ৩৪ জন সদস্য এই বৈঠকে অংশ নেন।
মতামত (0)