সারাদেশ

কাফরুল থেকে শিশু অপহরণ, দুদিনেও মেলেনি সন্ধান

কাফরুল থেকে শিশু অপহরণ, দুদিনেও মেলেনি সন্ধান
কাফরুল থেকে শিশু অপহরণ, দুদিনেও মেলেনি সন্ধান
রাজধানীর কাফরুল থেকে সাত বছর বয়সী এক শিশু অপহরণের শিকার হয়েছে। সিসিটিভি ফুটেজে অপহরণের দৃশ্য ধরা পড়লেও আজ শনিবার পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাত বছর বয়সী এক শিশু অপহরণের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটিকে অপহরণের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তবে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।

শিশুটির মা-বাবার সঙ্গে পূর্ব শেওড়াপাড়ায় তার বসবাস। শিশুটির বাবা একজন সিএনজিচালিত অটোরিকশার চালক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি বাসার কাছে খেলাধুলা করছিল, এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পূর্ব শেওড়াপাড়ার হেলথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি গলি থেকে আনুমানিক ২০-২২ বছর বয়সী এক তরুণী শিশুটিকে নিয়ে যান। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শুক্রবার রাতে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কালো সালোয়ার-কামিজ পরা ওই তরুণীকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, তরুণী শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছিলেন এবং মনে হচ্ছে শিশুটি ওই তরুণীর অনেক দিনের পরিচিত। ওই তরুণী শিশুটিকে একটি রিকশায় তোলেন। পুলিশ ধারাবাহিকভাবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগারগাঁও পর্যন্ত রিকশাটির অবস্থান শনাক্ত করেছে।

এরপরের অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। আগারগাঁও মোড় থেকে বিএনপি বস্তি কাছাকাছি হওয়ায় পুলিশ সেখানেও অনুসন্ধান চালিয়েছে। তবে ওই নারীকে সেখানে কেউ চিনতে পারেননি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজের সূত্র ছাড়াও বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। রিকশাটির খোঁজে পুলিশের একাধিক দল অনেক গ্যারেজে তল্লাশি চালিয়েছে। রিকশাটি পাওয়া গেলে এর সূত্র ধরে শিশুটির সন্ধান মিলতে পারে।

তবে আজ শনিবার সকাল পর্যন্ত রিকশাটির সন্ধান পাওয়া যায়নি। পুলিশ আরও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। শিশুটিকে অপহরণের কারণ সম্পর্কে এখনো কিছু বোঝা যাচ্ছে না।

কারণ, অপহরণের দুদিন পার হলেও কেউ কোনো মুক্তিপণ দাবি করেনি। এ ঘটনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) কাফরুল থানায় শিশুটির স্বজনরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...