কারখানার শ্রমিক থেকে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টের সরবরাহকারী এক চীনা নারী উদ্যোক্তা
চীনের এক সাবেক কারখানার শ্রমিক ঝোউ ছুনফেই এখন অ্যাপল ও টেসলার মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানির সরবরাহকারী লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা। তার এই উত্থান বৈশ্বিক প্রযুক্তিব্যবস্থায় চীনের বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরে।
চীনের একজন নারী উদ্যোক্তা ঝোউ ছুনফেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় ভোজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আয়োজনে অনুষ্ঠিত এই ভোজে তিনি অ্যাপলের টিম কুক এবং টেসলার ইলন মাস্কের ঠিক মাঝখানে বসেছিলেন। এই দৃশ্যটি কেবল কূটনৈতিক সৌজন্যের প্রতীক ছিল না, বরং এটি চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক প্রযুক্তিব্যবস্থায় গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠার বাস্তবতা তুলে ধরে।
ঝোউ ছুনফেই প্রচারের জোরে পরিচিতি পাওয়া কোনো উদ্যোক্তা নন। হুনান প্রদেশের একটি দরিদ্র গ্রামীণ পরিবারে তাঁর জন্ম। মাত্র ১৫ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে দক্ষিণ চীনে চলে যান এবং সেখানে একটি কারখানায় কাজ শুরু করেন।
চীনের অর্থনৈতিক উত্থানের সময় লাখ লাখ অভ্যন্তরীণ শ্রমিকের মতো ঝোউকেও দীর্ঘ সময় ধরে কঠোর নিয়মকানুন ও তীব্র প্রতিযোগিতার মধ্যে কাজ করতে হয়েছে। তবে তিনি অন্যদের থেকে আলাদা ছিলেন কারণ তিনি উৎপাদন প্রক্রিয়া গভীরভাবে শিখতেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ১৯৯৩ সালে তিনি নিজের ব্যবসা শুরু করেন।
শুরুতে ঝোউ ছুনফেইয়ের ছোট কারখানায় ঘড়ির কাচে নকশা ও লেখা ছাপার কাজ হতো। সেই সময়ে ব্যবসাটি ঝুঁকিপূর্ণ হলেও ঝোউ ইলেকট্রনিক পণ্যের ছোট ও হালকা হওয়ার প্রবণতা এবং সূক্ষ্ম প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করেছিলেন। এই দূরদর্শিতা থেকেই ধীরে ধীরে তাঁর প্রতিষ্ঠান বড় হতে থাকে।
একসময় ঝোউয়ের প্রতিষ্ঠান বড় ইলেকট্রনিক পণ্য নির্মাতাদের জন্য প্রয়োজনীয় কাচ ও টাচস্ক্রিন-সংশ্লিষ্ট উপাদান তৈরি করতে শুরু করে। ২০১৫ সালে লেন্স টেকনোলজি শেনঝেনের চাইনেক্সট বাজারে তালিকাভুক্ত হয়। এই তালিকাভুক্তির পর ঝোউ ছুনফেই চীনের অন্যতম ধনী আত্মপ্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি পান।
ঝোউয়ের উত্থানের গল্প আলাদাভাবে মানুষের নজর কেড়েছে। কারণ, তাঁর সম্পদ উত্তরাধিকারসূত্রে পাওয়া নয়। তিনি অর্থ, আবাসন বা ইন্টারনেট ব্যবসার ওপর নির্ভর না করে শুধুমাত্র উৎপাদন খাতের অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভিত্তি করে নতুন ব্যবসা গড়ে তুলেছেন।
বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত লেন্স টেকনোলজি অ্যাপল ও টেসলার মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানির সরবরাহকারী হিসেবে কাজ করছে। অ্যাপলের মতো প্রতিষ্ঠানের এমন সরবরাহকারী দরকার যারা মান বজায় রেখে নিখুঁত যন্ত্রাংশ তৈরি করতে পারে। টেসলারও স্মার্ট গাড়ি ও ভবিষ্যতের রোবট তৈরির জন্য উন্নত উপকরণ ও কাঠামোগত যন্ত্রাংশ প্রয়োজন। লেন্স টেকনোলজি এখন এই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত।
স্মার্টফোনের বাইরেও লেন্স টেকনোলজি তাদের কার্যক্রম প্রসারিত করেছে। তারা এখন এআই হার্ডওয়্যার, স্মার্ট গাড়ি, এআই চশমা, পরিধানযোগ্য প্রযুক্তি, গাড়ির ককপিট এবং বিভিন্ন উন্নত যন্ত্রাংশ তৈরি করছে। এছাড়া, মহাকাশপ্রযুক্তি ও মানুষের মতো দেখতে রোবট তৈরিতেও লেন্সের নাম জড়িয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ইলন মাস্কের জন্য লেন্সের মতো অংশীদার খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টেসলা, অপটিমাস রোবট ও স্পেসএক্সের মতো প্রকল্পে এমন সরবরাহকারী দরকার, যারা নতুন প্রযুক্তিপণ্য দ্রুত ও বড় পরিসরে তৈরি করতে পারে। কাচ ও ধাতু প্রক্রিয়াজাত করা, বিভিন্ন উপাদান জোড়া লাগানো এবং নিখুঁত কাঠামোগত যন্ত্রাংশ তৈরিতে লেন্সের অভিজ্ঞতা মাস্কের এসব প্রকল্পের সঙ্গে বেশ ভালোভাবেই মিলে যায়।
লেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর আমেরিকায় তাদের বড় গ্রাহক রয়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই গ্রাহক টেসলা। ঝোউ ছুনফেইয়ের এই উত্থান আধুনিক চীনের অর্থনৈতিক পরিবর্তনের গল্পকেও তুলে ধরেছে, যেখানে চীন কেবল সস্তা উৎপাদনের দেশ নয়, বরং বৈশ্বিক প্রযুক্তিব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।
মতামত (0)