কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। তার বোলিংয়ে ল্যাঙ্কাশায়ার ১৬১ রানে অলআউট হয়।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে আজ পাঁচ উইকেট পেয়েছেন খালেদ আহমেদ। ক্যান্টারবেরিতে তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ল্যাঙ্কাশায়ার ১৬১ রানে অলআউট হয়। হাসান মাহমুদ জাতীয় দলের ব্যস্ততায় দেশে ফিরে গেলেও কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল উপস্থিতি বজায় রাখলেন খালেদ।
টস হেরে ব্যাট করতে নেমে ল্যাঙ্কাশায়ারের শুরুটা ভালো ছিল। উদ্বোধনী জুটিতে তারা ৮১ রান সংগ্রহ করে। খালেদ কেন্টকে প্রথম সাফল্য এনে দেন কিটন জেনিংসকে আউট করে।
সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ (০) খালেদের বলে এলবিডব্লিউ হলে তিনি নিজের দ্বিতীয় উইকেট পান। ভালো শুরুর পরও ৩৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ল্যাঙ্কাশায়ার।
এরপর ম্যাটি হার্স্ট ৬১ বলে ৩৭ রান করে ল্যাঙ্কাশায়ারের জন্য নতুন আশা জাগান। তবে খালেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হন, যা খালেদের তৃতীয় উইকেট ছিল। ১৬তম ওভার করতে এসে তিনি পরপর দুই বলে দুটি উইকেট পান।
মিচেল স্টানলি ও ল্যাঙ্কাশায়ার অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে পরপর দুই বলে আউট করে খালেদ তার পাঁচ উইকেট পূর্ণ করেন। তার বোলিং বিশ্লেষণ ছিল ১৫.৫ ওভার, ৪ মেডেন, ৪২ রান ও ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি খালেদের দশম পাঁচ উইকেট শিকার, কাউন্টি ক্রিকেটে তার দ্বিতীয় ম্যাচে এটি প্রথমবার। এর আগে কেন্টের হয়ে হাসান মাহমুদও পাঁচ উইকেট পেয়েছিলেন।
মতামত (0)