খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার, ১ আগস্ট দুপুরে এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে একটি টিকটিকি পাওয়ার দাবি করেন। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি খাবার নিয়ে রুমে এসে খেতে গিয়ে পটল, আলু ও ডিমের সবজির মধ্যে টিকটিকিটি দেখতে পান। তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার গ্রহণ করেন। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
আসমাউল হুসনা আরও উল্লেখ করেন, এতে ফুড পয়জনিংয়ের মতো ঝুঁকি তৈরি হতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্মীদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। এই ঘটনার পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরো কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।
বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান ঘটনাটির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ক্যাফের খাবারে টিকটিকি পাওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। এটি ক্যাফে কর্মীদের অব্যবস্থাপনা ও অসচেতনতার স্পষ্ট প্রমাণ।
সাহেবী ইকরাম রেদোয়ান আরও বলেন, খাবার প্রস্তুত ও পরিবেশনের সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়নি। এ ধরনের অবহেলা ক্রেতাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তিনি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ও কর্মীদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার কথা বলেন।



মতামত (0)