আন্তর্জাতিক

কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের পুতিনের নির্দেশ

কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের পুতিনের নির্দেশ
কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের পুতিনের নির্দেশ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন, যা মার্কিন দূতদের কিয়েভ সফরের আগে কার্যকর হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাজধানী কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার মধ্যরাত থেকে এই বিরতি কার্যকর হবে বলে ক্রেমলিন জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থাকে জানান, আজ রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কিয়েভ সফরের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনার উদ্যোগ নিয়ে উইটকফ ও কুশনার গতকাল শনিবার মস্কোয় পৌঁছেছেন। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব নিয়ে তারা রাশিয়ায় গেছেন। মস্কোয় আলোচনা শেষে আজ রোববার তাদের কিয়েভ যাওয়ার কথা রয়েছে। ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাদের প্রথম কিয়েভ সফর।

প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার জানান, যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কি না, তা খতিয়ে দেখতে তিনি দুই দূতকে মস্কো ও কিয়েভে পাঠিয়েছেন। তাদের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে ওই প্রস্তাবে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছেড়ে দিতে হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প।

এদিকে, আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা যতটা সম্ভব গঠনমূলক ও অর্থবহ হওয়া প্রয়োজন। জেলেনস্কি আরও বলেন, এই যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে আমাদের বাস্তবসম্মত পথ খুঁজে বের করতে হবে।

এর আগে চলতি বছরের শুরুতে আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা আলোচনা হয়েছিল। তবে সেসব আলোচনায় যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা হয়নি। পরে আলোচনাও স্থগিত হয়ে যায়। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, আলোচনায় অগ্রসর হতে হলে যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিতে হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...