জাতীয়কিশোরগঞ্জে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন অনুষ্ঠিত
কিশোরগঞ্জে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি জানান।
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে একটি সম্মেলন করেছে। গতকাল শনিবার বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদ এতে সভাপতিত্ব করেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে ছাড় দেওয়া হবে না। জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফি ব্যবহার করে সরকার নিজেদের ইসলামবান্ধব হিসেবে জানান দিয়েছে, যা প্রশংসনীয়।
মাওলানা রাব্বানী আরও বলেন, সরকার যদি সত্যিই ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে তৌহিদি জনতার দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করবে। তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।
ইসলামের আকিদা অনুযায়ী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী উল্লেখ করে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী কাদিয়ানি সম্প্রদায়ের বিশ্বাস নিয়ে আপত্তি তোলেন। তিনি অভিযোগ করেন, তারা নিজেদের মুসলিম পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। তিনি সরকারের কাছে আহ্বান জানান, অবিলম্বে জাতীয় সংসদে বিল পাস করে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক।
মাওলানা রাব্বানী আরও বলেন, এর মাধ্যমে তৌহিদি জনতার দীর্ঘদিনের দাবি ও ক্ষোভের অবসান ঘটবে। সভাপতির বক্তব্যে মাওলানা শাব্বির আহমাদ রশীদ বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় কিশোরগঞ্জের তৌহিদি জনতা সবসময় আপসহীন ভূমিকা পালন করে এসেছে। ইমানের স্বার্থে কিশোরগঞ্জের আলেম-ওলামা ও সাধারণ মানুষ প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত।
মাওলানা শাব্বির আহমাদ রশীদ আরও বলেন, খতমে নবুওয়তের পবিত্রতায় কোনো আঘাত সহ্য করা হবে না। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করা পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সম্মেলনে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় কাদিয়ানিবিরোধী বিভিন্ন স্লোগানে শহীদি মসজিদ চত্বর মুখরিত হয়ে ওঠে।
মুফতি আব্দুর রহিমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, পীর মাওলানা শাহ ইসমাঈল, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা মুহাম্মদ, মাওলানা আবুল বাশার, মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, মাওলানা সাঈদ আহমাদ, মুফতি সুলতান আহমদ জাফরী ও মুফতি মাহমুদ হাসান কাসেমী।
মতামত (0)