জাতীয়

কক্সবাজারে সুনীল অর্থনীতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে

কক্সবাজারে সুনীল অর্থনীতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে
কক্সবাজারে সুনীল অর্থনীতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে
কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে। বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে উচ্চশিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর লক্ষ্যে কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কথা বলা হয়েছে। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই প্রস্তাবনা সম্বলিত একটি আধা-সরকারি পত্র দিয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ রয়েছে। এই সম্পদকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানোর জন্য বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ অপরিহার্য। বর্তমানে এসব ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি বিদ্যমান।

এই প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় শূন্য থেকে প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং পৃথক অবকাঠামোর প্রয়োজন হয়। এই বাস্তবতা বিবেচনায় একটি বিকল্প প্রস্তাবও পত্রে তুলে ধরা হয়েছে।

পত্রে বলা হয়, কক্সবাজারে অবস্থিত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’-এর বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা যেতে পারে। এর ল্যাবরেটরি, গবেষণা-সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ এবং উপকূলভিত্তিক গবেষণা কাঠামোকে কাজে লাগিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব। ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ইতোমধ্যে একটি জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কক্সবাজারে সুপ্রতিষ্ঠিত।

এর বিদ্যমান সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই একটি গবেষণামুখী, ব্যবহারিক এবং বাস্তবভিত্তিক বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা যাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।

অন্যদিকে, দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে। পত্রে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি এবং এর সঙ্গে যুক্ত অসংখ্য নদ-নদী বাংলাদেশের অর্থনীতি, জীববৈচিত্র্য এবং জীবিকার সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে বঙ্গোপসাগর আমাদের অর্থনীতির চালিকাশক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সমৃদ্ধ সম্পদ ভান্ডার হয়ে থাকবে।

প্রফেসর ড. শাহাদাত হোসেনের মতে, এ জন্য প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন নিশ্চিত করবে। সুনীল অর্থনীতি বিষয়ক গবেষণা, উদ্ভাবন এবং সামগ্রিক অগ্রগতির লক্ষ্যে পর্যটন রাজধানী কক্সবাজারে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি জ্ঞান ব্যবহারের মাধ্যমে বঙ্গোপসাগরে বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চলের সম্পদ ব্যবস্থাপনা, উপকূলীয় জনপদে সক্ষমতা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, সমুদ্র স্থানিক পরিকল্পনা, উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা, মৎস্য ভূ-তথ্য প্রযুক্তি, সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ প্রশমন বিষয়ে গবেষণা ও সরকারকে কারিগরি সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...