সারাদেশ

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে সার লুট, উদ্ধার ১০০ বস্তা

কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে সার লুট, উদ্ধার ১০০ বস্তা
কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে সার লুট, উদ্ধার ১০০ বস্তা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের একটি দল ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেছে। পরে প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষকদের একটি দল ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেছে। আজ রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শাহ আমানত ট্রেডার্সের ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে। সার না পাওয়ার অভিযোগে কৃষকেরা গুদামে প্রবেশ করে সার নিয়ে যান। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, গুদামে থাকা ৩৪২ বস্তা সারের মধ্যে ২০২ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা পটাশ লুট হয়েছে।

ঘটনার পর রোববার বিকেলে কৃষি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ এবং সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন সেখানে যান। গুদামে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সার উদ্ধারে স্থানীয় লোকজনের সহযোগিতা চাওয়া হলে তারা সহযোগিতার আশ্বাস দেন।

রাত আটটা পর্যন্ত ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি সার ছিল। পুলিশ জানিয়েছে, অন্য সারের বস্তা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে পাশের ইউনিয়ন থেকে সার এনে দেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, এভাবে মব তৈরি করে ডিলারের গুদাম থেকে সার নিয়ে যাওয়া কাম্য নয়।

শিলিখুড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, কতিপয় ব্যক্তি মব তৈরি করে গুদাম ভেঙে সার নিয়ে গেছেন। তারা প্রশাসনের সঙ্গে থেকে লুট হওয়া সার উদ্ধারে সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, উদ্ধার করা সার কৃষকদের মধ্যে চাহিদা অনুযায়ী বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সহায়তায় অনেকগুলো সারের বস্তা উদ্ধার করা সম্ভব হয়েছে। সার উদ্ধারের চেষ্টা চলছে।

একই দিনে বিকেলে উপজেলার পাগলারহাট বাজারের একটি ডিলার পয়েন্ট পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। সেখানে কৃষক ছাড়া অন্য ব্যক্তির কাছে সার বিক্রির অভিযোগে ডিলার নুর আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও অমৃত দেবনাথ।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...