জাতীয়

কুষ্টিয়ায় বাবা-ছেলের মর্মান্তিক বিদায়, একই সঙ্গে দাফন

কুষ্টিয়ায় বাবা-ছেলের মর্মান্তিক বিদায়, একই সঙ্গে দাফন
কুষ্টিয়ায় বাবা-ছেলের মর্মান্তিক বিদায়, একই সঙ্গে দাফন
বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু। কুষ্টিয়ায় বাবা-ছেলের একসঙ্গে জানাজা ও পাশাপাশি দাফন সম্পন্ন হয়েছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাবা ও ছেলের একসঙ্গে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। বাবার মৃত্যুর খবর পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে প্রাণ হারান। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লালনগর কবরস্থানে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৮০) এবং তার ছেলে নুর আলম জিকু (৪৫)। জসিম উদ্দিন বার্ধক্যজনিত কারণে গত বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি লালনগর গ্রামে মারা যান। সে সময় তার ছেলে নুর আলম জিকু স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি মাগুরায় অবস্থান করছিলেন।

বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু শেষবারের মতো বাবার মুখ দেখতে ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। গত বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জিকু সড়কে ছিটকে পড়েন এবং ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়।

ঘটনা স্থলেই নুর আলম জিকুর মৃত্যু হয়। এ সময় তার ভায়রা ভাই গুরুতর আহত হন এবং তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলের আরোহী নুর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জিকুর ভাই রুহুল আমিন ও কবির হোসেন জানান, গত বুধবার সন্ধ্যার একটু আগে বার্ধক্যজনিত কারণে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তার ভায়রা ভাইকে সঙ্গে নিয়ে বাবাকে দেখতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন।

তবে বাড়িতে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাকচাপায় তিনি প্রাণ হারান। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের এমন মৃত্যুতে লালনগর গ্রামজুড়ে শোকের মাতম চলছে। বাবা-ছেলের একসঙ্গে দাফনের দৃশ্য এবং স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...