গতকাল শুক্রবার রাতে মালদ্বীপের রাজধানী মালের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।
মো: খলিলুর রহমান তার বক্তব্যে বলেন, বিএনপি আপামর জনগণের ভালোবাসা নিয়ে বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। তিনি আরও উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল উদার, আধুনিক মনস্ক ও গণতান্ত্রিক রাজনীতির প্রতীক। কোনো মিথ্যা প্রচারণা দিয়ে বিএনপির গণজোয়ার রোধ করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্বেই থাকবেন তারেক রহমান। অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। তারা বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপস্থিত নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসাথে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে মালদ্বীপ প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।



মতামত (0)