খেলাধুলামাঞ্জরেকারের মন্তব্যের পাল্টা দিলেন তরুণ ক্রিকেটার সূর্যবংশী
মাঞ্জরেকারের মন্তব্যের পাল্টা দিলেন তরুণ ক্রিকেটার সূর্যবংশী
সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের মন্তব্যের সরাসরি পাল্টা দিয়েছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাঞ্জরেকার তরুণ ক্রিকেটারদের আচরণ নিয়ে কঠোর হওয়ার পরামর্শ দিলে সূর্যবংশী সামাজিক যোগাযোগমাধ্যমে তার জবাব দেন।
ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের মন্তব্যের সরাসরি পাল্টা দিয়েছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাঞ্জরেকার যখন তরুণ ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসি ও বিসিসিআইকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সূর্যবংশী তার জবাব দেন। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার মাঞ্জরেকারকে উদ্দেশ করে একটি বার্তা পোস্ট করেন।
মাঞ্জরেকার তার মন্তব্যে ভারত ‘এ’ দলের হয়ে বৈভব সূর্যবংশী এবং এরপর যশস্বী জয়সোয়ালের আচরণের কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন, এমন আচরণে বারবার ছাড় দেওয়া হলে তাদের এমন আচরণের পুনরাবৃত্তি করতেই শেখানো হয়। এটি খেলার জন্য এবং তাদের নিজেদের ভবিষ্যতের জন্য ভালো নয় বলে তিনি মন্তব্য করেন।
চলতি বছরের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি ম্যাচে সূর্যবংশীর আচরণের সূত্র ধরে মাঞ্জরেকার তার নাম টেনেছিলেন। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে সুপার ওভারে ভারত ‘এ’ দল হেরেছিল। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় সূর্যবংশী মুখ ঘুরিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেন।
ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে নাকি সূর্যবংশীকে বলেছিলেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’ এই ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে শাস্তির প্রশ্ন উঠলেও সে সময় সূর্যবংশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মাঞ্জরেকারের মন্তব্যের জবাবে বৈভব সূর্যবংশী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এই বিষাক্ততা, বালখিল্য কথাবার্তা আর তিক্ত আচরণ যথেষ্ট হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘অন্যকে উপদেশ দেওয়ার আগে পুরো ঘটনাটা জেনে নিন।’
মাঞ্জরেকারের মন্তব্যের প্রেক্ষাপটে সাম্প্রতিক আরেকটি ঘটনাও ছিল। কলম্বো টেস্টে ভারতের যশস্বী জয়সোয়াল ও শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্ডোর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই ঘটনায় আইসিসি দুজনকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করে এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেয়। আইসিসির আচরণবিধির ২.১২ ধারা অনুযায়ী অগ্রহণযোগ্য শারীরিক সংস্পর্শের দায়ে তাদের এই শাস্তি দেওয়া হয়েছিল।
যশস্বী জয়সোয়ালও পরে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের একটি ভিডিওর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘সে কী বলেছে, তা যদি না জানেন, তাহলে দয়া করে বিচার করবেন না।’ জয়সোয়াল আরও মন্তব্য করেন, ‘কেউ সীমা ছাড়িয়ে গেলে তাকে সেটা জানাতে হবে। এই ভারত লড়বে এবং জবাব দেবে।’
মতামত (0)