প্রবাসীম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
কানাডার ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টার গত শনিবার লা-ব্রেইরিয়ার পার্কে তাদের বার্ষিক পিকনিকের আয়োজন করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা অংশ নেন।
কানাডার ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টার (এমবিএলসি) গত শনিবার তাদের বার্ষিক পিকনিকের আয়োজন করে। ম্যানিটোবার লা-ব্রেইরিয়ার পার্কে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে এই পিকনিক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কমিউনিটির সদস্যরা একত্রিত হয়ে একটি দিন উপভোগ করেন।
প্রতিষ্ঠানটি কানাডায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশি শিশুদের বাংলা ভাষা শেখানোকে গুরুত্ব দেয়। তাদের মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে বাংলা পড়া, লেখা ও বলার দক্ষতা তৈরি করা। একইসঙ্গে, গান ও নাচের মাধ্যমে বাঙালি এবং বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টার নিয়মিত কাজ করে।
ম্যানিটোবা বাংলা লার্নিং সেন্টারের ম্যানিটোবার সরকারি স্কুল ডিভিশনের সঙ্গে একটি সহযোগিতা চুক্তি রয়েছে। এই চুক্তির ফলে যেকোনো শিক্ষার্থী এই স্কুলে পড়াশোনা করে হাইস্কুলে চারটি ক্রেডিট অর্জন করতে পারে। বাংলায় পড়া, লেখা, বলা এবং শোনার দক্ষতার ওপর ভিত্তি করে এই ক্রেডিটগুলো প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের হাইস্কুল পাসে সহায়তা করে।
বার্ষিক পিকনিকে সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছিল। এছাড়া, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন মজার খেলা এবং বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা ছিল। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে খেলাধুলায় অংশ নেয় এবং শিক্ষকদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটায়।
মতামত (0)