জাতীয়মোবাইল আসক্তি মাদকের মতোই ক্ষতিকর: পুলিশ মহাপরিদর্শক
মোবাইল আসক্তি মাদকের মতোই ক্ষতিকর: পুলিশ মহাপরিদর্শক
পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের মোবাইল ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তিকে নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর বলে সতর্ক করেছেন। তিনি শিক্ষার্থীদের সততা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে এই মেধাবৃত্তি প্রদান করা হয়।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে শিক্ষার্থীদের এই মেধাবৃত্তি দেওয়া হয়। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। এআইজি মো. ইসমাইল হোসেন স্বাগত বক্তব্য দেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, অভিভাবকরা এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, শিক্ষার্থীদের দেওয়া এই সম্মাননা শুধু একটি পুরস্কার নয়, এটি তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। এটি ভবিষ্যতের প্রতি পুলিশের বিশ্বাস এবং তাদের সম্ভাবনার প্রতি আস্থার প্রতীক। তিনি আরও বলেন, মেধা মানুষকে এগিয়ে নিলেও সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে।
পুলিশ প্রধান শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী না হয়ে ভালো মানুষ হওয়ার তাগিদ দেন। তিনি জ্ঞান অর্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হতে বলেন। আইজিপি আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীদের আজকের কৃতিত্বই আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে উঠবে।
পুলিশ প্রধান শিক্ষার্থীদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে সতর্ক করেন। তিনি বলেন, সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচনায় মাদক যেন তাদের স্পর্শ করতে না পারে। আইজিপি উল্লেখ করেন, মাদক একটি মরণফাঁদ।
তিনি আরও সতর্ক করে বলেন, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর। প্রযুক্তিকে ব্যবহার করার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলতে এবং অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করতেও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে কাজী মো. তানান হোসেন, সৈয়দা সাবিহা মুশাররাত মুমু, মো. আদনান জাওয়াদ ও মুস্তাইনা মঞ্জুর অনুভূতি ব্যক্ত করেন। মেধাবী শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন এবং মেধাবৃত্তি প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। অভিভাবকদের মধ্যে অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমিন এবং পুলিশ পরিদর্শক শেখ ফারুকুজ্জামান বক্তব্য রাখেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি অব্যাহত সাফল্যের জন্য নিরলস পরিশ্রমের ওপর জোর দেন। জীবনে উন্নতি করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং স্ক্রিন টাইম কমিয়ে পড়ালেখায় গভীর মনোনিবেশের জন্য শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে এগিয়ে যেতে হবে। তিনি সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করার পরামর্শও দেন তিনি।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮০১ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭২ জন শিক্ষার্থী মেধাবৃত্তি লাভ করেছে। একইভাবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৮৪৫ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৯৫ জন শিক্ষার্থীও মেধাবৃত্তি পেয়েছে। ২০২৪ ও ২০২৫ এই দুই বছরে সর্বমোট ২ হাজার ১১৩ জন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ পুলিশের মেধাবৃত্তি অর্জন করেছে।
এই শিক্ষার্থীদের মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ ৩৬০ জনকে বৃত্তি দেওয়া হয়েছে। বাকিদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার কার্যালয়ের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান করা হবে।
মতামত (0)