বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে অনলাইন লাইভ মেন্টর (ওএলএম) প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। দেশের এডটেক প্রতিষ্ঠান ননএকাডেমির উদ্যোগে এই প্ল্যাটফর্মটি চালু হয়েছে। আজ রোববার থেকে শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি–ইচ্ছুক পর্যায়ের শিক্ষার্থীরা ঘরে বসেই যেকোনো সময় পছন্দের মেন্টরের কাছে পড়া বুঝে নিতে পারবেন।
শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং শেখাকে সহজ করে তোলাই ওএলএম প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। ননএকাডেমির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ আই আরিফ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা শেখার ক্ষেত্রে অনেক সময় পুরো বিষয়টি নয়, নির্দিষ্ট একটি অধ্যায় বা ছোট একটি বিষয় বুঝতেই সমস্যার সম্মুখীন হন।
এ আই আরিফ আরও উল্লেখ করেন, সেই মুহূর্তে একজন শিক্ষক বা মেন্টরের সহায়তা পাওয়া সব সময় সম্ভব হয় না। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করাই লক্ষ্য ছিল, যেখানে শিক্ষার্থী তাঁর প্রয়োজন অনুযায়ী মেন্টর খুঁজে নিয়ে সরাসরি তাঁর সঙ্গে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে যাঁরা পড়াশোনার পাশাপাশি পড়ান, তাঁরাও তাঁদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাবেন।
ওএলএম প্ল্যাটফর্মের কার্যপদ্ধতি সম্পর্কে এ আই আরিফ বিস্তারিত জানিয়েছেন। কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে সমস্যায় পড়লে সংশ্লিষ্ট বিষয় বা অধ্যায়ের নাম দিয়ে মেন্টর খুঁজতে পারবেন। সেখানে কোন কোন মেন্টর অনলাইনে আছেন, তাঁদের প্রোফাইল এবং প্রতি ঘণ্টার পারিশ্রমিকের তথ্য দেখা যাবে।
শিক্ষার্থী নিজের পছন্দ অনুযায়ী মেন্টর নির্বাচন করে অনুরোধ পাঠাতে পারবেন। মেন্টর অনুরোধ গ্রহণ করলে নির্ধারিত পারিশ্রমিক পরিশোধের পর সরাসরি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। ক্লাস রেকর্ডিং, হোয়াইট বোর্ডসহ ক্লাস নেওয়ার সব সুবিধা এই প্ল্যাটফর্মে বিদ্যমান।
প্রাথমিকভাবে একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এই সেবা চালু করা হয়েছে। পরবর্তী সময়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেরও এই সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাঁরা পড়াশোনার পাশাপাশি টিউশন করান, তাঁদের জন্যও ওএলএম সুযোগ তৈরি করেছে।



মতামত (0)