মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
গতকাল বুধবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানের বিষয়টি যাতে অবৈধ বালু উত্তোলনকারীরা আগেভাগে টের না পায়, সে লক্ষ্যে সিএনজিযোগে একটি পৃথক টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়েছিল। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) এবং বিশ্বনাথ কুর্মী (২৬) নামের দু’জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত সিপেন কুর্মী দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে এবং বিশ্বনাথ কুর্মী একই এলাকার কুশল কুর্মীর ছেলে। তাদের ঠিকানা দক্ষিণ সাইটুলা, মৌলভীবাজার উপজেলা উল্লেখ করা হয়েছে।



মতামত (0)