প্রবাসী

ওমানে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু

ওমানে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু
ওমানে ৫ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু
ওমানের আল ধাহিরাহ শাখার ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। মোট পাঁচ হাজার শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওমানের আল ধাহিরাহ শাখার ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন (ওএএ) বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু করেছে। এই পদক্ষেপের ফলে দেশটির যোগ্য ও নিবন্ধিত কৃষকরা এখন তাদের কৃষি খামারের জন্য প্রয়োজনীয় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের আবেদন করতে পারবেন।

ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের অনুমোদনক্রমে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে ওমানের নিবন্ধিত কৃষকদের জন্য বাংলাদেশি কৃষি শ্রমিকদের বৈধ ভিসা সংগ্রহের একটি সুযোগ তৈরি হয়েছে। সব মিলিয়ে ওমানে পাঁচ হাজার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এই আবেদন প্রক্রিয়া শুধুমাত্র আল ধাহিরাহ শাখার নিবন্ধিত সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আবেদনকারীদের অ্যাসোসিয়েশনের বার্ষিক ২৫ ওমানি রিয়াল সদস্যপদ ফি পরিশোধ করা আবশ্যক।

আবেদন জমা দেওয়ার সময় কৃষি মালিকানা (হিয়াজা) সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ওমানের শ্রম মন্ত্রণালয়ের বৈধ ওয়ার্ক পারমিট উপস্থাপন করতে হবে। পাশাপাশি, ২০২৬–২০২৭ মৌসুমের ফসল ও চাষকৃত এলাকার সুনির্দিষ্ট বিবরণসহ কৃষি চাষাবাদ ফরমের একটি কপিও জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন গ্রহণ প্রক্রিয়া আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। ইব্রির আল মুরতাফা এলাকায় অবস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সরকারি কর্মদিবসে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ কঠোরভাবে জানিয়েছে যে, কোনো অসম্পূর্ণ আবেদন অথবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন কোনো অবস্থাতেই বিবেচনা করা হবে না।

একজন সানাদ অফিসের মালিকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি কৃষি শ্রমিকদের জন্য এই বিশেষ সুবিধা ওমানজুড়ে নিবন্ধিত কৃষি সমিতির সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। পাঁচ হাজার শ্রমিকের এই কোটা দেশের বিভিন্ন গভর্নরেটে সুষমভাবে বণ্টন করা হবে। প্রতিটি গভর্নরট অথবা সংশ্লিষ্ট কৃষি সমিতি তাদের জন্য নির্ধারিত সর্বোচ্চ সংখ্যক শ্রমিক নিয়োগের সুযোগ পাবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে ওমানের কৃষকদের দীর্ঘদিনের মৌসুমী শ্রমিক সংকট মোকাবিলা করা সহজ হবে। একই সাথে, শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ওমানের শ্রম ও অভিবাসন আইন যথাযথভাবে অনুসরণ করা সম্ভব হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...