৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছে। নির্মাতা ও প্রযোজকেরা তাঁদের চলচ্চিত্রগুলো অস্কার বাংলাদেশ কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়েছেন। অস্কার বাংলাদেশ কমিটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জমা পড়া চলচ্চিত্রগুলো হলো রেদোয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’।
জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও ছবি বাছাইয়ের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচিকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। একাডেমি কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই কমিটির অনুমোদন দিয়েছে।


মতামত (0)