জাতীয়ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু
ফেনীতে কাভার্ডভ্যানের ধাক্কায় এনজিও কর্মকর্তার মৃত্যু
গতকাল রাতে ফেনীর লালপোলে কাভার্ডভ্যানের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুর রউফ (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আখতারুজ্জামান নামে আরও একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়।
নিহত আব্দুর রউফ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুমারকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি ব্যুরো বাংলাদেশের সোনাগাজীর কারামতিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
আহত আখতারুজ্জামান রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার মারিশা মুসলিম ব্লকের শাহীদুল ইসলামের ছেলে। তিনি একই সংস্থার শাখা হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ফেনী শহর থেকে লালপোলের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুর রউফ এবং তার সঙ্গে থাকা আখতারুজ্জামান গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করেন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ব্যুরো বাংলাদেশের হাজীরবাজার শাখার হিসাবরক্ষক মো. সবুজ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সহকর্মীর এমন আকস্মিক চলে যাওয়া কেউ মানতে পারছে না এবং সকলে শোকাহত।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. রুহুল মোহসেন সুজন জানান, হাসপাতালে আনার আগেই আব্দুর রউফের মৃত্যু হয়েছিল। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে।
মতামত (0)