প্রবাসী

প্যারিসে জুলাই সনদ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের সভা

প্যারিসে জুলাই সনদ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের সভা
প্যারিসে জুলাই সনদ বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের সভা
প্যারিসে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স একটি আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রবাসীরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ওপর জোর দেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স এই সভার আয়োজন করে। গত রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর। সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিক, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতারা এতে অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।’

বক্তারা উল্লেখ করেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য অর্জনে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তারা আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল বক্তব্য দেন। এছাড়া অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন ও মো: জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বিভিন্ন সঙ্কট ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে। সভায় ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...