ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য মেলা টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস – শরৎ ২০২৬ শুরু হয়েছে। গত সোমবার প্যারিস-লে বুর্জে প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। মেলাটি ৩১ আগস্ট থেকে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
একই দিন বিকেলে মেলার হল ৩-এর বি ৩৩০ নম্বর বুথে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা প্যাভিলিয়নটি উদ্বোধন করেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্যাভিলিয়ন পরিচালক মোহাম্মদ রেহান উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, কাউন্সিলর মাহফুজা সুলতানা, দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান এবং দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল এই সময় উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান “মেসে ফ্রাঙ্কফুর্ট” এর তথ্য অনুযায়ী, এবারের ৫৯তম সংস্করণে প্রায় ৩৫টি দেশ থেকে প্রায় ১,৩০০ নির্মাতা ও সরবরাহকারী অংশ নিচ্ছেন। প্যারিসের পার্ক দেজ এক্সপোজিসিয়োঁ দ্য প্যারিস-ল্য বুরজে-এর ২, ৩ ও ৪ নম্বর হলে এই আয়োজন চলছে।
বিশ্ব ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে এই মেলা পরিচিতি লাভ করেছে। মেলায় বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল প্রস্তুতকারক, পোশাক উৎপাদক, ফ্যাশন ব্র্যান্ড, আমদানিকারক, ক্রেতা, ডিজাইনার এবং শিল্পসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নিচ্ছেন। টেক্সওয়ার্ল্ড প্যারিস ও অ্যাপারেল সোর্সিং প্যারিসের পাশাপাশি টেকসই ও প্রযুক্তিনির্ভর ফ্যাশনের নতুন সমাধান নিয়ে অ্যাভানটেক্স প্যারিসও অংশগ্রহণ করছে।
টেক্সওয়ার্ল্ড প্যারিস অংশে আন্তর্জাতিক বয়ন ও টেক্সটাইল প্রস্তুতকারকেরা তাঁদের নতুন কাপড়, উপকরণ ও ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছেন। তুলা, ডেনিম, ড্রেপারি, এমব্রয়ডারি ও লেস, জ্যাকোয়ার্ড, নিটেড ফেব্রিক, লিনেন ও হেম্প, প্রিন্ট, শার্টিং, সিল্ক, স্পোর্টসওয়্যার ও কার্যকরী কাপড়, ট্রিমস ও অ্যাকসেসরিজ এবং উলসহ বিভিন্ন ধরনের টেক্সটাইল পণ্য এখানে প্রদর্শিত হচ্ছে। অ্যাপারেল সোর্সিং প্যারিস অংশে তৈরি পোশাক ও ফ্যাশন অ্যাকসেসরিজের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের নির্মাতারা নারীদের পোশাক, পুরুষদের পোশাক, ক্যাজুয়াল ও স্পোর্টসওয়্যার, শিশুদের পোশাক, নিটওয়্যার, ইনটিমেট পোশাক এবং বিভিন্ন ধরনের ফ্যাশন অ্যাকসেসরিজের উৎপাদন সক্ষমতা তুলে ধরছেন।
বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্প দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এমন একটি সময়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা, নতুন উৎপাদন উৎস খুঁজে বের করা, দ্রুত পণ্য সরবরাহ, পরিবেশবান্ধব উৎপাদন এবং কাঁচামালের উৎস সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা এখন ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে গুরুত্বপূর্ণ। এই পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন এবারের মেলার আয়োজনেও দেখা যাচ্ছে।
বৈশ্বিক সোর্সিং ব্যবস্থায় নতুন ভারসাম্য এবং সরবরাহকারী দেশগুলোর বৈচিত্র্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বের প্রধান পোশাক ও টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলোর পাশাপাশি নতুন ও উদীয়মান সোর্সিং গন্তব্যগুলোর উপস্থিতিও এবারের মেলায় উল্লেখযোগ্য। চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং ইউরোমেড অঞ্চল মেলার গুরুত্বপূর্ণ অংশ।



মতামত (0)