সারাদেশপ্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে, জনসভায় যোগ দিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে, জনসভায় যোগ দিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজশাহীতে সামরিক বিমানে অবতরণ করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়েছেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাজশাহী সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম রাজশাহী সফর। বিমানবন্দর থেকে তিনি সরাসরি নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন এবং বেলা ৩টা ২৮ মিনিটে জনসভাস্থলে পৌঁছান।
জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তিনি রাজশাহীর আখচাষিদের মধ্যে প্রণোদনার অর্থ বিতরণের কর্মসূচিতেও অংশ নেবেন। এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী রংপুরে রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বেলা সোয়া ১টার দিকে রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল। তার গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি নির্ধারিত ছিল। তবে তিনি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে রাজশাহীতে পৌঁছান।
রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সেখানে জে এম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমন ও জনসভা উপলক্ষে কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তার যাত্রাপথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রং করার কাজ করা হয়। ড্রেন মেরামতের পাশাপাশি বিভিন্ন ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিয়ে যাত্রাপথ পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
জনসভার জন্য ঐতিহাসিক মাদ্রাসা মাঠে একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছে। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও সম্পন্ন হয়। কয়েক দিন ধরে দলের নেতা–কর্মীরা মাঠে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ তদারকি করেন।
জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় দলের নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা জনসভাস্থলের দিকে আসতে থাকেন। বেলা আড়াইটার মধ্যে মাঠ নেতা–কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গতকাল সোমবার জনসভাস্থল পরিদর্শনে যান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি সাংবাদিকদের জানান, অল্প সময়ের মধ্যে সফরের প্রস্তুতি নিতে হলেও রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা কাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর হওয়ায় সর্বস্তরের মানুষের মধ্যেও তার আগমন ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরার কথা জানিয়েছেন। তিনি বলেন, রাজশাহীতে বীজ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা, বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা এবং কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের দাবি জানানো হবে।
সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন আরও বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হবে। এছাড়া রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণার দাবিও তুলে ধরা হবে।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি নির্বাচনের আগে নির্বাচনী জনসভায় যোগ দিতে তারেক রহমান রাজশাহীতে এসেছিলেন।
মতামত (0)