জাতীয়

রাজনীতিতে গালাগালির সংস্কৃতির কঠোর সমালোচনা সংসদীয় কমিটির

রাজনীতিতে গালাগালির সংস্কৃতির কঠোর সমালোচনা সংসদীয় কমিটির
রাজনীতিতে গালাগালির সংস্কৃতির কঠোর সমালোচনা সংসদীয় কমিটির
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গালাগালি ও অশালীন সংস্কৃতির কঠোর সমালোচনা করেছে। গতকাল সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গালাগালি ও অশালীন সংস্কৃতির কঠোর সমালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সমালোচনা উঠে আসে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমান। বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের কাজের সার্বিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়।

কমিটির সদস্যরা তাদের আলোচনায় উল্লেখ করেন, গত দুই বছর ধরে রাজনীতিতে যেভাবে বিষোদ্গার ও গালাগালির প্রচলন ঘটেছে, তা সুস্থ গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থি। এই ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক শিষ্টাচারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে বলে তারা মত দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কমিটির সদস্যরা। তারা এই ধরনের অপসংস্কৃতি ও অশুভ তৎপরতা থেকে রাজনৈতিক অঙ্গন ও সমাজকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই লক্ষ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্টকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর জোর দিয়েছেন কমিটির সদস্যরা। বৈঠকে মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদান স্মরণ করা হয়। পাশাপাশি বিগত ১৭ বছরের কথিত অপশাসন ও গ্লানি মুছে ফেলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সংস্কার, মেরামত এবং এর অডিটোরিয়ামকে আধুনিক করার উদ্যোগ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। মুক্ত চিন্তার বিকাশ ও সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরিতে প্রেস ক্লাবের ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যার ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অংশ নেন। তারা অশালীন মন্তব্য ও অপপ্রচার প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, বৈঠকে কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার উপস্থিত ছিলেন। বৈঠকে তথ্য সচিব, দপ্তর প্রধানরা ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...