জাতীয়সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরুর আদেশ
সাবেক এমডি আহমেদ জোবায়েরের বিচার শুরুর আদেশ
প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ থেকে অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করা হয়েছে।
প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। অভিযোগ থেকে আসামিকে অব্যাহতির আবেদন নাকচ করে আদালত অভিযোগ গঠন করেন।
একই সঙ্গে আদালত আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা এই মামলা থেকে অব্যাহতি ও জামিন চেয়ে শুনানি করেছিলেন।
আদালত তাদের আবেদন নাকচ করে দেন। এছাড়াও প্রতারণা ও জালিয়াতির আরেকটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে আহমেদ জোবায়েরের জামিন চাওয়া হয়েছিল, যা নামঞ্জুর হয়। প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় তিনি একমাত্র আসামি।
মামলার বিবরণ অনুযায়ী, সময় টেলিভিশনের দায়িত্বে থাকাকালীন আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে অনিয়মিতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ সময় তাকে প্রতিষ্ঠানের দুটি গাড়ি ও উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়েছিল।
তবে তিনি এসব ফেরত দিতে অস্বীকৃতি জানান। সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিশ পাঠায়, কিন্তু তিনি তাতে কোনো সাড়া দেননি।
এই ঘটনায় ২০২৫ সালের ৫ মে সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। এই মামলায় গত ৩ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল বৃহস্পতিবার এই মামলাটির অভিযোগ গঠনের আদেশ আসে। এর আগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা আরেকটি মামলায় আহমেদ জোবায়ের গত বছরের ১৮ জুন থেকে কারাগারে আছেন।
২০২৫ সালের ১০ মে দায়ের হওয়া ওই মামলায় আসামিদের প্রতি সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় ১৭ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার করা একাধিক জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেন। আইনজীবী সালেহ উদ্দিন জানান, ওই মামলায় আহমেদ জোবায়ের ব্যতীত অন্য সবাই জামিনে আছেন। তিনি আরও দাবি করেন, সময় মিডিয়া লিমিটেডে আহমেদ জোবায়েরের ১৭ দশমিক ৫ শতাংশ শেয়ার রয়েছে। তার বিরুদ্ধে এসব মামলা সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে বলে আইনজীবী দাবি করেন।
মতামত (0)