তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে এমন কোনো শব্দ বা বিধান রাখা হবে না, যার অপব্যবহার করে গণমাধ্যম বা অন্য কারও কণ্ঠ দমন করা যায়। তিনি বলেন, আইনটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং এটি বর্তমানে খসড়া প্রণয়ন ও আলোচনার পর্যায়ে রয়েছে। আইনের কিছু শব্দের দ্বৈত অর্থ থাকায় সেগুলো নিয়ে সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনার জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি আরও জানান, প্রথমে একটি অধ্যাদেশ ছিল, যা পরবর্তীতে কাটছাঁট করে সময়োপযোগী করার চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, কিছু শব্দ আছে যেগুলোর দ্বৈত অর্থ রয়েছে এবং বিগত ১৭-২০ বছরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ অন্যান্য আইন সংবাদমাধ্যমকে দমন বা অপব্যবহারের জন্য ব্যবহৃত হয়েছে।
আন্দালিভ রহমান বলেন, আইন একদিনের জন্য হয় না, তাই তারা খুব সতর্ক থাকার চেষ্টা করছেন যেন কোনো শব্দ আগামীতে এই ধরনের অপব্যবহারের সুযোগ তৈরি না করে। তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর আবারও আলোচনা করার কথা জানান। তথ্যমন্ত্রী উল্লেখ করেন, কোনো আইনের শব্দের ব্যাখ্যার কারণে যেন মিডিয়া বা অন্য কারও ওপর এর কোনো অপব্যবহার বা খারাপ কিছু না হয়।
মন্ত্রীর ভাষ্যমতে, আইনের মূল লক্ষ্য হলো সামাজিক সম্প্রীতি রক্ষা এবং জননৈতিকতা বিনষ্ট করা বন্ধ করা। তিনি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গণতন্ত্রের নামে গালিগালাজ ও আপত্তিকর ভাষার ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করেন। আন্দালিভ রহমান বলেন, তারা চেষ্টা করছেন এই বিষয়গুলিকে আইনের আওতায় আনতে, একই সাথে মিডিয়ার স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখতে, যাতে এই দুটি বিষয় কোনোভাবেই সাংঘর্ষিক না হয়।



মতামত (0)