জাতীয়সার ব্যবস্থাপনায় কৃষি মন্ত্রণালয়ের নতুন কন্ট্রোল রুম চালু
সার ব্যবস্থাপনায় কৃষি মন্ত্রণালয়ের নতুন কন্ট্রোল রুম চালু
কৃষি মন্ত্রণালয় সার সরবরাহ, মজুদ ও বিতরণের নিবিড় তদারকির জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। এই রুমের মাধ্যমে সারসংক্রান্ত যেকোনো সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয় দেশে সার সরবরাহ, মজুদ ও বিতরণ কার্যক্রম আরও নিবিড়ভাবে তদারকি করার জন্য ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে। মাঠপর্যায়ে সার নিয়ে কোনো সমস্যা, অনিয়ম কিংবা কৃত্রিম সংকটের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে।
আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এই কার্যক্রম পরিচালনার জন্য ২৭টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক থাকছেন। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
কন্ট্রোল রুমের অন্যতম দায়িত্ব হলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণসংক্রান্ত তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণ করা। কোথাও সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি জেনে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
এছাড়া কৃষক, সার ডিলার, পরিবহনকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেবে কন্ট্রোল রুম।
প্রতিদিনের সার পরিস্থিতি, পাওয়া অভিযোগ, গৃহীত ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। এসব তথ্যের ভিত্তিতে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার নির্দেশও দেওয়া হয়েছে।
সার সরবরাহে বিঘ্ন, পরিবহন সমস্যা, গুদামজাতকরণে জটিলতা কিংবা ডিলার পর্যায়ে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ বিভিন্ন উৎসে প্রকাশিত সারসংক্রান্ত অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে মাঠপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করতে হবে।
অফিস আদেশে বলা হয়েছে, টেলিফোন, মোবাইল, ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া সারসংক্রান্ত তথ্য ও অভিযোগ যথাযথভাবে গ্রহণ ও নথিভুক্ত করতে হবে। প্রয়োজন অনুযায়ী এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে।
এছাড়া পত্রিকা, টেলিভিশন, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যোগাযোগের মাধ্যমে দ্রুত তথ্য যাচাই ও সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য ০৫০৩৫১ ফোন নম্বর দেওয়া হয়েছে।
মতামত (0)