সেপ্টেম্বরের ১৯ দিনে ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স
সম্পাদক২০ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
সেপ্টেম্বরের ১৯ দিনে ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার ৮৯৪ কোটি টাকা। গতকাল (রবিবার, ২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৮০০ কোটি টাকা। সেই তুলনায় চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহ ৮০ লাখ ডলার বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে কেবল ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই দেশে এসেছে ১৩ কোটি ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৬ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত, দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৩ হাজার ৯৬৬ কোটি টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার, যা ছিল প্রায় ৮২ হাজার ৫৮২ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বছরভিত্তিক ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাস ১৯ দিনে রেমিট্যান্স ৯৩ কোটি ৩০ লাখ ডলার বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি স্থানীয় মুদ্রায় প্রায় ১১ হাজার ৩৮৬ কোটি টাকা। শতকরা হিসাবে এই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।
মতামত (0)