প্রবাসী

শেডো মন্ত্রিসভা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা: যোবায়ের

শেডো মন্ত্রিসভা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা: যোবায়ের
শেডো মন্ত্রিসভা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা: যোবায়ের
জামায়াত নেতা এহসান মাহবুব যোবায়ের বলেছেন, বিরোধী দলের শেডো মন্ত্রিসভা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলতার আহ্বান জানান।

জামায়াত নেতা এহসান মাহবুব যোবায়ের বলেছেন, বিরোধী দলের শেডো মন্ত্রিসভা গঠন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীলতা ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে নিউইয়র্কের জামাইকা এলাকার মুনা সেন্টারে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ ল’ইয়ার কাউন্সিলের সহসভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব যোবায়েরের সম্মানে এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা আরমান চৌধুরী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এহসান মাহবুব যোবায়ের বলেন, দেশের দায়িত্বশীল ব্যক্তিরা নানা চাপ ও চ্যালেঞ্জের মধ্যে তাদের দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে সবাইকে বুঝে-শুনে মন্তব্য করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

তিনি আরও উল্লেখ করেন, এক সময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সংগঠনটিকে অনেক প্রতিকূল পথ পাড়ি দিতে হয়েছে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা সামনে এগিয়ে যাচ্ছে।

সংগঠনের সংস্কার নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি জুলাই মাসের আন্দোলনে আহত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং শহিদ পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এহসান মাহবুব যোবায়ের বলেন, জুলাই মাসের শহিদদের অধিকাংশই ছিলেন সাধারণ খেটে-খাওয়া মানুষ। তাদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, এটি একটি সাহসী মানুষের আন্দোলন এবং মুজাহিদদের পথ, যা থেমে থাকার নয়। একই সাথে তিনি প্রবাসে অবস্থানরতদের প্রতি দেশ ও দেশের মানুষের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর সহযোগিতা কামনা করে তিনি বলেন, যুবসমাজ এবং মা-বোনেরা যেভাবে এগিয়ে আসছেন, তা অত্যন্ত আশাব্যঞ্জক। তাদের যোগ্যতা, মেধা ও শক্তিকে দেশ এবং ইসলামী আন্দোলনের কল্যাণে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...