ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে। ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টের অপসারণসহ পাঁচ দফা দাবিতে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার ডাকসু নেতৃবৃন্দ এবং বেশিরভাগ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসের স্বাক্ষরসংবলিত দাবিগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) এবং প্রক্টরিয়াল বডির সাথে ডাকসু নেতারা আলোচনা করেন। সেখানে দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। ডাকসু নেতৃবৃন্দ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি দাবিগুলোর সুরাহা না হয়, তাহলে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
ডাকসুর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টকে অবিলম্বে অপসারণ করা। প্রভোস্টের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। এছাড়া, নির্যাতনের শিকার শিক্ষার্থীসহ এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দেওয়া শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।



মতামত (0)