বিনোদন

শিল্পীদের ঘিরে গুজব ছড়াচ্ছে, বিব্রত হচ্ছেন তারকারা

শিল্পীদের ঘিরে গুজব ছড়াচ্ছে, বিব্রত হচ্ছেন তারকারা
শিল্পীদের ঘিরে গুজব ছড়াচ্ছে, বিব্রত হচ্ছেন তারকারা
বড় ও ছোট পর্দার শিল্পীদের নিয়ে মৃত্যুর খবর, অভিনয় ছাড়ার ঘোষণা, সুইমিংপুলে তরুণীর সঙ্গে ছবিসহ নানা গুজব ছড়িয়ে পড়ছে, যা শিল্পীদের বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত করছে।

বড় পর্দা ও ছোট পর্দার অভিনয়শিল্পীদের নিয়ে সম্প্রতি একের পর এক গুজব ছড়িয়ে পড়ছে। এসব গুজবের মধ্যে রয়েছে মৃত্যুর খবর, অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা, বিয়ে এবং শুটিংয়ের স্থিরচিত্র। যাঁদের নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে, তাঁরা নিজেরা এসব বিষয়ে কিছু জানেন না। এমন পরিস্থিতিতে শিল্পীরা বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতি এবং অভিনয়শিল্পী সংঘের নেতারা বলছেন, মামুনুর রশীদ, ইলিয়াস কাঞ্চন, পপি থেকে দিলারা জামান—সবাই গুজবের শিকার হচ্ছেন। কেউ কেউ মনে করছেন, পরিকল্পিতভাবে শিল্পীদের হেয় করা হচ্ছে।

গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ব্রেন ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। গত বছর এপ্রিল থেকে তাঁর চিকিৎসা চলছে এবং গত বছর আগস্টে লন্ডনে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। মাঝখানে তিনি দেশে ফিরলেও শারীরিক অবস্থা ভালো ছিল না, যে কারণে অনেকেই মৃত্যুর খবরটি সত্য বলে ধরে নিয়েছিলেন। পরে জানা যায়, খবরটি ছিল ভুয়া।

এই ঘটনার পর নিসচার নেতারা জানান, মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য প্রকাশের আগে পরিবার, নিকটাত্মীয় বা নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা জরুরি। একজন জীবিত মানুষের মৃত্যুর সংবাদ ছড়িয়ে দিলে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হতে পারে। যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য শেয়ার করা অনৈতিক ও ক্ষতিকর।

এর আগে ছোট পর্দার অভিনেতা হাসান মাসুদের ছবিসহ একটি স্থিরচিত্র হঠাৎ ছড়িয়ে পড়ে। তাতে লেখা ছিল, তিনি আর অভিনয় করবেন না এবং পুরোপুরি ধর্মচর্চায় মনোযোগ দেবেন। তাঁর অভিনয় ছাড়ার খবরে অনেক সহকর্মীও মর্মাহত হন। পরে হাসান মাসুদ এ বিষয়ে বলেন, তিনি কোথাও অভিনয় না করার কথা বলেননি। তিনি বলেছেন, ভালো চরিত্র পেলে অভিনয় করবেন, এটি তাঁর পেশা। চরিত্র ভালো না পেলে হয়তো ক্যামেরার সামনে দাঁড়াবেন না, কিন্তু সেটাকে অভিনয় ছেড়ে দেওয়া বা দাড়ি রাখার সঙ্গে মিলিয়ে খবর আকারে প্রকাশ করা হয়েছে।

ভুল তথ্যটি ছড়িয়ে পড়ায় হাসান মাসুদ বিব্রত হন। তাঁর অনেক সহকর্মীও মানসিকভাবে কষ্ট পান। কারণ, তাঁদের অনেকেই অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনে ধর্মচর্চা করেন। বিষয়টি নিয়ে ভুল–বোঝাবুঝি তৈরি হওয়ার পর তিনি বলেন, কেউ যেন তাঁকে ভুল না বোঝেন এবং তিনি অভিনয় পেশাকে ছোট করেননি।

দীর্ঘদিন ধরে ক্যামেরার আড়ালে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, তিনি অভিনয়কে ‘পাপ’ মনে করে চলচ্চিত্রজগৎ ছেড়ে দিচ্ছেন। পপির নামে লেখা হয়, ‘যতটা পাপ কামিয়েছি, অভিনয় ছেড়ে তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ এই বক্তব্য ঘিরে ফেসবুকে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

একপর্যায়ে চিত্রনায়ক বাপ্পারাজ ও উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও পপির সমালোচনা করেন। বাপ্পারাজ লেখেন, ‘বেকার হলেই মনে হয় পাপ করেছি।’ তাঁর এই কথাটিও আলোচনা তৈরি করে। আলোচনা-সমালোচনার মধ্যেই জানা যায়, ছড়িয়ে পড়া বক্তব্যটি পপির নয়, এটি ভুয়া খবর। পপি এ প্রসঙ্গে বলেন, তিনি রাজ্জাক, আলমগীর, কবরী, শাবানা, ববিতা আপাসহ অনেক বড় মাপের অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালক ও কলাকুশলীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তিনি নিজেকে এই ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে গর্বিত মনে করেন এবং এই ইন্ডাস্ট্রিকে তাঁর পরিবার বলে উল্লেখ করেন। চলচ্চিত্রের প্রত্যেক মানুষের আয়কে তিনি রক্ত পানি করা টাকা এবং শতভাগ হালাল বলে মনে করেন।

সম্প্রতি সুইমিংপুলে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের সঙ্গে এক তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘তরুণীর সঙ্গে সুইমিংপুলে মামুনুর রশীদ’—এমন শিরোনাম দিয়ে কেউ কেউ ফেসবুকে পোস্ট করতে থাকেন। পরে সেটি অনলাইনেও খবর হিসেবে প্রকাশিত হয়। অনেকেই ধরে নেন, অভিনেতা মামুনুর রশীদ বাস্তবেই কোনো তরুণীর সঙ্গে সুইমিংপুলে ছিলেন।

বিষয়টি নিয়ে বেশ বিব্রত হন এই অভিনেতা। কারণ, ছবিটি ছিল ‘আমরা ভাইরাল’ ধারাবাহিক নাটকের একটি দৃশ্য। মামুনুর রশীদ বলেন, এ ধরনের ঘটনায় তাঁদের বিব্রত হতে হয়। সমস্যাটা হচ্ছে, কেউ কিছু না শুনেই কিংবা সত্যটা না বুঝেই একটি ঘটনা প্রকাশ করে দিচ্ছে। সত্যতা যাচাই করে খবরগুলো প্রকাশ করা হলে তাঁদের এমন বেকায়দায় পড়তে হয় না। মানুষ এখন অনেক কিছুই যাচাই করে না এবং অনেক ভুয়া বিষয়কেও সত্য বলে মেনে নেয়।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...