শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
সম্পাদক১৫ সেপ্টেম্বর, ২০২৬ · 1 ঘণ্টা আগে
শর্ত সাপেক্ষে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, পরমাণু সংকটের সমাধান হলে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, পরমাণু সংকটের সমাধান হলে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। তিনি আজ বুধবার ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে এক বক্তব্যে এই তথ্য জানান।
ক্রিস রাইট উল্লেখ করেন, ইরান চাইলে দেশের বাইরে থেকে তাদের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহ করা সম্ভব। এই প্রস্তাব সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সম্পর্কিত।
যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে যে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে। দেশটি দাবি করে, তারা পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো চেষ্টা কখনো করেনি।
জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট আরও বলেন, সংকটের সমাধান হলে ইরান আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। এর মাধ্যমে দেশটির জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনা সম্ভব হবে।
এদিকে, তেহরান থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের আশপাশে চলতি বছর নির্মাণকাজের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে ‘চূড়ান্ত হামলা’ চালানোর পরিকল্পনার কথা জানানো হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দেন। তিনি বলেন, ইরানে আরও বড় পরিসরে বোমা হামলা চালানো হতে পারে এবং দেশটি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প নাতান্জ পারমাণবিক কমপ্লেক্সের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন সাইটে বিভিন্ন তৎপরতা ও নড়াচড়া শনাক্ত হওয়ার কথাও উল্লেখ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, খুব শিগগিরই ওই সাইটে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।
মতামত (0)