আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গতকাল শুক্রবার গাজীপুর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সিফাতের অবিলম্বে মুক্তি, তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। একইসাথে সিফাতের মুক্তির দাবিতে গাছা থানায় গেলে দলটির কয়েকজন নেতাকর্মী হেনস্তার শিকার হয়েছেন বলেও এনসিপি অভিযোগ করেছে।
এনসিপি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। গতকাল ৪ সেপ্টেম্বর বিকেলে এনসিপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, সিনিয়র সদস্য সচিব আব্দুলা আল মহিন উপস্থিত ছিলেন। ছাত্রশক্তি গাজীপুর মহানগরের সংগঠক সামিউল আলম নাবিল এবং ছাত্রশক্তি গাজীপুর জেলার সংগঠক বশির আহমেদ অপুও কর্মসূচিতে অংশ নেন।
এছাড়াও এনসিপির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান তন্ময় এবং ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফরিনা শেখ উপস্থিত ছিলেন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে বক্তারা সিফাত আব্দুল্লাহকে গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তারা বলেন, সিফাতের বিরুদ্ধে মতপ্রকাশ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে প্রচলিত আইনে তা নিরপেক্ষভাবে তদন্ত করা যেতে পারে। তবে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, তা নিশ্চিত করতে হবে।



মতামত (0)