জাতীয়সমাজকল্যাণ মন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, প্রযুক্তিনির্ভর শিল্পের প্রশংসা
সমাজকল্যাণ মন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, প্রযুক্তিনির্ভর শিল্পের প্রশংসা
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করে স্থানীয়ভাবে উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির প্রশংসা করেছেন।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গত মঙ্গলবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন। সেখানে তিনি বলেন, ওয়ালটন ফ্রিজ-টেলিভিশনের মতো উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি বিভিন্ন হাই-কনফিগারেশনের ল্যাপটপ ও ট্যাব তৈরি করছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞ্জুরুল আলম অভি মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
মন্ত্রী আরও জানান, প্রতিষ্ঠানটি খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করে। ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত এবং দামের দিক থেকেও সাশ্রয়ী। স্থানীয়ভাবে প্রযুক্তিপণ্য উৎপাদনের মাধ্যমে ওয়ালটন প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি করছে।
অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সরেজমিনে ওয়ালটনের আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি সৌরবিদ্যুৎ প্রকল্প এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থাও পরিদর্শন করেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও হাইটেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং রপ্তানি কার্যক্রম সম্পর্কে ধারণা পেয়ে মন্ত্রী অভিভূত হন।
পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদনপ্রক্রিয়ার ওপর নির্মিত একটি ডকুমেন্টারি দেখেন। এরপর তিনি প্রযুক্তিপণ্যে সুসজ্জিত ডিসপ্লে সেন্টার, অত্যাধুনিক সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) মেশিনে পিসিবি বা মাদারবোর্ড উৎপাদন কার্যক্রমসহ বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন। পরিদর্শনের পর সমাজকল্যাণমন্ত্রী জানান, ওয়ালটন সম্পর্কে তাঁর আগের মিশ্র ধারণা পুরোপুরি পাল্টে গেছে। এত দিন তিনি প্রতিষ্ঠানটিকে শুধু অ্যাসেম্বলিং বা রি-অ্যাসেম্বলিং করে বলে মনে করতেন।
মতামত (0)