সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ
সম্পাদক১৭ সেপ্টেম্বর, ২০২৬ · 42 মিনিট আগে
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করভার ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে করভার ১৭ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করেছে, যা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সহায়ক হবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর সুবিধা আরও বাড়িয়েছে। এর ফলে এসব উপকরণ আমদানিতে মোট করভার ১৭ শতাংশ থেকে কমে এখন এক শতাংশে নেমে এসেছে। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা দেওয়া হয়েছে।
গত বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস সৌরবিদ্যুৎ খাতের প্রয়োজনীয় উপকরণ আমদানিতে আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক ও আগাম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন এই সুবিধার কারণে এসব পণ্য আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার প্রযোজ্য ছিল।
এনবিআর জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এক শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এখন এসব পণ্য আমদানিতে মোট করভার মাত্র এক শতাংশ হবে। এই সুবিধা প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এই সুবিধা প্রযোজ্য ছিল না। বর্তমানে শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও এই সুবিধা পাবেন বলে এনবিআর জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সুবিধার ফলে সৌরবিদ্যুৎ প্রকল্পের ব্যয় কমবে। এতে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস পাবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও শক্তিশালী হবে।
মতামত (0)