জাতীয়

সরকার সব নিয়োগ নিয়ন্ত্রণ করতে চাইছে: হাসনাত আব্দুল্লাহ

সরকার সব নিয়োগ নিয়ন্ত্রণ করতে চাইছে: হাসনাত আব্দুল্লাহ
সরকার সব নিয়োগ নিয়ন্ত্রণ করতে চাইছে: হাসনাত আব্দুল্লাহ
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, সরকার ১০ম গ্রেডের নিয়োগ পিএসসি থেকে সরিয়ে নিজস্ব কমিটি গঠন করে সব নিয়োগ নিয়ন্ত্রণ করতে চাইছে। তিনি এ উদ্যোগকে দুর্নীতি ও স্বজনপ্রীতির পাঁয়তারা বলে মন্তব্য করেন।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন যে, ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতার জোরে চব্বিশের অভ্যুত্থান ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চান যে তরুণরা জাগ্রত আছে। তিনি গত মঙ্গলবার দিবাগত রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে সরকার আরেকটি বাজে কাজ করতে যাচ্ছে। ১০ম গ্রেডের নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে অনেক বছর ধরেই চলছে। এই প্রক্রিয়ায় মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং এরপর মন্ত্রণালয় নিয়োগ দেয়। ফলে নিয়োগ প্রক্রিয়াটি ভালোভাবে চলছে।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, সরকার সব নিয়োগ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। পিএসসির অধীনে যে নিয়োগ হয়, সেটি ত্বরান্বিত করার অজুহাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে প্রধান করে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, এই কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে।

তিনি প্রশ্ন তোলেন, পিএসসি কি নিয়োগ প্রক্রিয়া চালাতে পারছে না? পিএসসি কি কোথাও বলেছে যে তারা পারছে না? তার মতে, খালি চোখেই বোঝা যাচ্ছে যে সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এর উদ্দেশ্য পছন্দের ব্যক্তিদের নিয়োগ করা কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা হতে পারে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সরকার কি চব্বিশের ঘটনা ভুলে গেছে? সরকারি চাকরির নিয়োগে বৈষম্য করার কারণেই এই দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল, যা থেকে কালজয়ী অভ্যুত্থান হয়েছে। তিনি সতর্ক করেন যে নিয়োগে হাত দিয়ে দুর্নীতি করে লাভবান হওয়ার যে চিন্তা করা হচ্ছে, তা কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...