সরকার ফ্রান্সের টোটাল এনার্জিস থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৮ জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে। জরুরি গ্যাসের চাহিদা মেটাতে আগামী ৯ মাসে এই এলএনজি আমদানি করা হবে।
সরকার ফ্রান্সের বহুজাতিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস থেকে ১৮ জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এই এলএনজি আমদানি করা হবে। আগামী ৯ মাসে প্রতি মাসে ২ জাহাজ করে মোট ১৮ জাহাজ এলএনজি আনা হবে।
আজ বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় এই তথ্য জানায়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু করে আগামী বছরের জুন মাস পর্যন্ত এই এলএনজি সরবরাহ করা হবে। দুই পক্ষের সম্মতিতে টোটাল এনার্জিস থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে পারবে বাংলাদেশ।
মতামত (0)