সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠছে। সচিবালয়ে বিকেলে পূর্বনির্ধারিত এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে আজ সকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থের সংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মন্ত্রিসভা কমিটির বৈঠকে খসড়াটি অনুমোদন পেলে দ্রুত প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
প্রস্তাবিত নতুন কাঠামোতে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন শতভাগ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিল। সচিব কমিটির প্রস্তাব ছিল, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর করা হবে।
তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে, তবে এর অর্থ পরিশোধ ধাপে ধাপে করা হবে। নতুন পে-স্কেল কীভাবে ও কোন সময়সূচিতে কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা নেবে। প্রজ্ঞাপন জারি করতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে চলতি বছরের ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে। নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।



মতামত (0)