জাতীয়

তেল দাম বৃদ্ধির খবরে গাজীপুরের পাম্পে বাইকারদের ভিড়

তেল দাম বৃদ্ধির খবরে গাজীপুরের পাম্পে বাইকারদের ভিড়
তেল দাম বৃদ্ধির খবরে গাজীপুরের পাম্পে বাইকারদের ভিড়
জ্বালানি তেলের দাম বাড়ার খবরে গতকাল সোমবার রাতে গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকে বাড়তি দামের আশঙ্কায় তেল নিতে ছুটে আসেন।

গতকাল সোমবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলচালকদের ভিড় লক্ষ্য করা যায়। রাত ১২টার পর থেকে তেলের দাম বাড়তে পারে, এমন আশঙ্কায় পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন তৈরি হয়। জৈনা বাজার, মাওনা, গড়গড়িয়া এবং মাস্টারবাড়ি এলাকার পাম্পগুলোতে এই চিত্র দেখা গেছে।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাম্পগুলোতে মোটরসাইকেলের সংখ্যা বাড়তে থাকে। অনেকেই বাড়তি দামে তেল কেনার আশঙ্কায় আগেভাগেই নিজেদের মোটরসাইকেলের ট্যাংক ভর্তি করে নিতে পাম্পে ছুটে আসেন। দীর্ঘ সময় অপেক্ষা করে বাইকারদের তেল সংগ্রহ করতে দেখা যায়।

জৈনা বাজার এলাকার একজন বাইকার রাজ্জাক মিয়া জানান, রাত ১২টার পর তেলের দাম ২০ টাকা বাড়বে এমন খবর শুনে তিনি তেল নিতে এসেছেন। তার মতে, দাম বাড়লে সাধারণ মানুষের যাতায়াতের খরচও বেড়ে যাবে। মাওনা এলাকার বাইকার আবুল কাশেম বলেন, হঠাৎ করে দাম বাড়ার খবর শুনে তিনি পাম্পে চলে এসেছেন। কিছুটা কম দামে তেল নেওয়া যায় কিনা, সে কারণেই তিনি অপেক্ষা করছেন।

গড়গড়িয়া এলাকার আরেক মোটরসাইকেলচালক জসীমউদ্দীন বলেন, তেলের দাম বাড়লে শুধু বাইক চালানোর খরচই নয়, এর প্রভাব পরিবহন ও অন্যান্য পণ্যের দামেও পড়বে। তাই দাম বাড়ার আগে মানুষ পাম্পে ভিড় করছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা ও নতুন মূল্য তালিকা প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...