মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দেলাওয়ার হোসেনকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। গত রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম প্রার্থীর নাম ঘোষণা করেন।
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। তিনি ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দেলাওয়ার হোসেন তখন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট পেয়েছিলেন।
রোববারের সমাবেশে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। এছাড়াও অঞ্চল টিমের সদস্য ও ঠাকুরগাঁও জেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলার সাবেক আমির আনোয়ারুল ইসলাম এবং পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



মতামত (0)