তরুণদের মধ্যে বাড়ছে নতুন তামাকপণ্য ব্যবহার: সমীক্ষায় উদ্বেগ

তরুণদের মধ্যে বাড়ছে নতুন তামাকপণ্য ব্যবহার: সমীক্ষায় উদ্বেগ
তরুণদের মধ্যে বাড়ছে নতুন তামাকপণ্য ব্যবহার: সমীক্ষায় উদ্বেগ
বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, এইচটিপি ও নিকোটিন পাউচের মতো নতুন তামাকপণ্য ব্যবহার করছেন বলে এক সমীক্ষায় প্রকাশ।

বাংলাদেশে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের ৫ দশমিক ৫ শতাংশ বর্তমানে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) এবং নিকোটিন পাউচের মতো নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই বয়সী তরুণদের ২৮ দশমিক ১ শতাংশ জীবনে অন্তত একবার এসব পণ্য ব্যবহার করেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশি তরুণদের ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট ও নিকোটিন পাউচ ব্যবহারের প্রবণতা’ শীর্ষক সমীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এই সমীক্ষায় ২০২৫ সালের মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত অনলাইন জরিপের মাধ্যমে ১৮ থেকে ২৪ বছর বয়সী ৫২৪ জন তরুণের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। উত্তরদাতাদের ৭৮ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ২১ দশমিক ৮ শতাংশ নারী ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক অরুনা সরকার। এতে দেখা যায়, নতুন ধরনের তামাকপণ্যের মধ্যে ই-সিগারেটের ব্যবহার সবচেয়ে বেশি। অংশগ্রহণকারীদের ৪ দশমিক ৬ শতাংশ ই-সিগারেট, ১ দশমিক ৩ শতাংশ নিকোটিন পাউচ এবং শূন্য দশমিক ৮ শতাংশ হিটেড টোব্যাকো প্রোডাক্ট ব্যবহার করছেন। তরুণীদের (৫ দশমিক ৩ শতাংশ) তুলনায় তরুণদের (৩৪ দশমিক ৪ শতাংশ) জীবনে অন্তত একবার এসব পণ্য ব্যবহারের হার অনেক বেশি।

বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। অন্যদিকে যাঁরা প্রচলিত সিগারেট ব্যবহার করেন না, তাঁদের মধ্যে এই হার ১ দশমিক ৬ শতাংশ। বর্তমান ব্যবহারকারীদের ৩৭ দশমিক ৯ শতাংশ সামাজিক বা বন্ধুদের চাপে এসব পণ্য ব্যবহার করছেন। ৩৪ দশমিক ৫ শতাংশ প্রচলিত তামাকের ব্যবহার কমানো বা বিকল্প হিসেবে এগুলো ব্যবহার করছেন এবং ৩১ শতাংশ নিকোটিনের মাত্রা পছন্দ করার কারণে এসব পণ্য ব্যবহারের কথা জানিয়েছেন।

পণ্য সংগ্রহের ক্ষেত্রে ৩৭ দশমিক ৯ শতাংশ তরুণ বিশেষায়িত দোকান থেকে এগুলো সংগ্রহ করেছেন। ৩১ শতাংশ বন্ধু বা সহকর্মীর কাছ থেকে এবং ১৩ দশমিক ৮ শতাংশ অনলাইন স্টোরের মাধ্যমে পণ্য সংগ্রহ করেছেন। পণ্য কেনার সময় মাত্র ২৪ দশমিক ১ শতাংশ ব্যবহারকারীকে বয়সের প্রমাণপত্র দেখাতে বলা হয়েছিল বলে গবেষণায় উঠে আসে।

অংশগ্রহণকারীদের ২৬ শতাংশ দোকান বা বিক্রয়কেন্দ্রে এসব পণ্যের বিজ্ঞাপন দেখেছেন। ২০ দশমিক ৮ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ১৩ দশমিক ২ শতাংশ অন্যান্য মাধ্যমে বিজ্ঞাপন দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মধ্যে ফেসবুকে বিজ্ঞাপন দেখার হার সবচেয়ে বেশি, যা ৮৯ শতাংশ। এরপর ইনস্টাগ্রামে ৩৪ দশমিক ৯ শতাংশ এবং ইউটিউবে ২৩ দশমিক ৯ শতাংশ বিজ্ঞাপন দেখার কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন বলেন, তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে সুরক্ষা দিতে নতুন ধরনের তামাকপণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রচলিত তামাকপণ্যের পাশাপাশি ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন পণ্যের বিপণন ও সহজলভ্যতা তরুণদের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে। গবেষণায় উঠে আসা তথ্য নীতিনির্ধারণ ও তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান। তিনি তরুণদের সুরক্ষায় এসব পণ্যের কার্যকর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং তরুণদের মধ্যে এসব পণ্যের ব্যবহার তাঁদের নিকোটিন আসক্তির ঝুঁকি বাড়াচ্ছে। তিনি আরও বলেন, নতুন ধরনের তামাকপণ্যের সহজলভ্যতা ও আকর্ষণীয় বিপণন তরুণদের এসব পণ্যের প্রতি আগ্রহী করে তুলতে পারে। তাই তরুণদের সুরক্ষায় এসব পণ্যের ব্যবহার ও সহজলভ্যতা কমানোর পাশাপাশি বিজ্ঞাপন, প্রচার ও বিক্রির ওপর কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও নীতিনির্ধারকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী বলেন, তরুণদের নিকোটিন আসক্তি থেকে রক্ষা করতে এসব পণ্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও জানান, বিক্রির ক্ষেত্রে বয়স যাচাই নিশ্চিত করা জরুরি।

শেয়ার:

মতামত (0)

লোড হচ্ছে...