বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, বিকেল ৫টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে দেশের প্রায় সব জেলায় উদীচীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
সংগঠনটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রংপুরসহ সারা দেশে হত্যা, ধর্ষণ, সংস্কৃতির ওপর আক্রমণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। এছাড়া সাংস্কৃতিক আয়োজন ও নৌকাবাইচ বন্ধের হুমকি এবং বাদ্যযন্ত্র ভাঙচুরসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শিবাণী ভট্টাচার্য এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। কেন্দ্রীয় সংসদের সংগঠনবিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান পুরো সমাবেশটি সঞ্চালনা করেন।
সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম বলেন, "দেশজুড়ে এক অদ্ভুত নৈরাজ্য ও অস্থিরতা চলছে।" তিনি রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনা উল্লেখ করেন। এই ঘটনায় পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে নানা ধরনের অসামঞ্জস্যপূর্ণ ও ধোঁয়াশাপূর্ণ বক্তব্য দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সঙ্গীতা ইমাম অবিলম্বে রংপুরের চারজনকে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন।



মতামত (0)